• ভোটের পরে ওঁদের খুঁজে পাবেন না, শাহ-মোদীকে নিশানা অভিষেকের
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • এই সময়: ‘বাংলায় ওঁদের মেয়াদ ৪-৫ দিন। তার পরে আর খুঁজে পাওয়া যাবে না’––প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শুক্রবার নির্বাচনী সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টো করে ঝুলিয়ে সিধা করার হুমকি দিয়ে ভোটের পরে পগার পার না হয়ে ৪ তারিখ পর্যন্ত অমিত শাহকে বাংলায় থাকার চ্যালেঞ্জও জানান অভিষেক। তাঁর দাবি, প্রথম দফার ভোটের পরেই বিজেপি নেতাদের ছটফটানি শুরু হয়ে গিয়েছে। গুজরাট থেকে এসে ভোটের দিন বাংলার মানুষকে যাঁরা বাড়ি থেকে না বেরোনোর হুঁশিয়ারি দেন, ভোটের পরে তাঁরা কেউ স্থানীয় বিজেপি কর্মীদের পাশে থাকবেন না বলেও দাবি করেন অভিষেক। এ দিন ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে একটি রোড শো থেকে অভিষেক বলেন, ‘আমি একটা ভবিষ্যদ্বাণী করে গেলাম। তোমরা শুনে খুশি হবে। ২০২৪–এ আমি এখান থেকে যা বলেছিলাম মিলেছে। নন্দীগ্রাম তৃণমূল জিতবে। আমি কথা দিয়ে গেলাম।’

    শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুর এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং দক্ষিণ কেন্দ্রে সভা করেন অভিষেক। জোড়া সভা থেকে বিজেপির শীর্ষ দুই নেতাকে নিশানা করেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের দাবি, প্রথম দফার ভোটেই তৃণমূল সেঞ্চুরি পার করে ফেলেছে। তিনি বলেন, ‘বিজেপি শিবিরে ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে।’ এর পরেই মোদী-শাহকে নিশানা করে তিনি বলেন, ‘আপনারা তো বড়জোর আর ৪-৫ দিন বাংলায় থাকবেন। কেবল ভোটের সময়েই আপনাদের দেখা পাওয়া যায় এখানে। আমি তো চাই, সারা বছর এখানে আসুন।’ ভোটের ফল প্রকাশের পরে বিজেপির স্থানীয় নেতা থেকে শুরু করে প্রার্থীদেরও এলাকায় খুঁজে পাওয়া যাবে না বলে মত অভিষেকের।

    এ দিন দু’টি সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, ‘বাংলায় এসে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে মানুষকে। আমি বলছি, সৎসাহস থাকলে চার তারিখ বাংলায় থাকুন।’ সুর আরও চড়িয়ে তিনি বলেন, ‘গুজরাটের একটা গুন্ডা এসে আমাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বলা হচ্ছে, ২৯ তারিখ যেন বাড়ি থেকে না বের হই! এ সবে কেউ ভয় পাবেন না।’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আগে দেখেছেন চোরেরা, ডাকাতেরা, ধর্ষকেরা অপরাধ করে জেলে যেত। এখন বিজেপিতে যায়। আপনার এলাকায় কোনও ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত লোককে দেখেছেন যাঁরা বিজেপি করে? যত চোর, চিটিংবাজ, বেইমান, পাতাখোর, গদ্দার সব বিজেপি।’

    ‘সার’ প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘ওরা (বিজেপি) বলেছিল বাংলায় ভোট কেটে ক্ষমতায় আসবে। কাল প্রথম দফার ভোট হয়েছে। দেখেছেন তো বিজেপির মধ্যে কেমন ছটফটানি শুরু হয়ে গিয়েছে।’ তার পরেই তিনি বলেন, ‘শুনলাম সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলছেন–আমি নাকি ওঁকে গালাগাল করেছি। গত ১৫ বছরে আমার মুখে কোনও খারাপ শব্দ কেউ শুনেছেন? আমি কোনও খারাপ কথা বলিনি, শুধু তাঁকে শান্ত থাকতে বলেছিলাম। আর বলেছিলাম, গরম পড়েছে, বেশি করে জল খান। মাথা ঠান্ডা রাখুন।’

  • Link to this news (এই সময়)