• ক্ষমতায় এলেই এ রাজ্যের নারী নির্যাতনের ফাইল খুলবে, কড়া বার্তা মোদীর, পাল্টা জবাব তৃণমূলের
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • এই সময়: মেয়ের খুনের বিচার চেয়ে ক্ষমতার ‍নানা দরজায় কড়া নেড়েছিলেন আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, কড়া নাড়লেও দরজা খোলেনি। তাই মেয়ের খুনের বিচারও জোটেনি। অভয়ার বিচার চাওয়ার লড়াইতে নেমে আপাতত তিনি পানিহাটির বিজেপি প্রার্থী। সেই সুবাদেই শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার একান্তে কথা বলার সুযোগ মিলল অভয়ার মায়ের। আর তাঁকে পাশে বসিয়েই বিচারের গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘৪ মে বিজেপি সরকার গঠন করার পরে এ রাজ্যে মেয়েদের উপর হওয়া সব অন্যায়-অত্যাচারের ফাইল খোলা হবে। এটাই মোদীর গ্যারান্টি।’ এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন,‘প্রধানমন্ত্রীর কি নিজের নিয়ন্ত্রণাধীন সংস্থা সিবিআইয়ের উপরেও ভরসা নেই? আরজি করের তদন্ত তো ওরাই করেছিল।’

    শুক্রবার পানিহাটিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পানিহাটি এবং সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলির বিজেপি প্রার্থীদের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথা উল্লেখ করে তৃণমূলকে চড়া সুরে নিশানা করেন নমো। ওই সভা থেকে রাজ্যের শাসক দলকে ‘নারীবিরোধী’ বলেও আক্রমণ শানান প্রধানমন্ত্রী। নির্যাতিতার মা-কে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই মা নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি। অথচ তৃণমূল তাঁকে গালিগালাজ করছে।’ মহিলা সুরক্ষার স্বার্থে বাংলায় যে বিজেপি সরকার প্রয়োজন, সেই বার্তা দিয়ে মোদী বলেন, ‘তৃণমূলের নির্মম সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। উল্টে সরকারি ভাবে মহিলাদের পরামর্শ দেওয়া হচ্ছে, ধর্ষণ থেকে বেঁচে থাকতে হলে ঘরের বাইরে বেরোবেন না। মহিলারা খোলা আকাশে স্বপ্ন দেখুক, তৃণমূল এটা চায় না। তাই প্রত্যেক মহিলাকে আশ্বাস দিচ্ছি, বিজেপি তাঁদের স্বপ্ন নষ্ট হতে দেবে না। বোনেদের সুরক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।’

    পানিহাটির সভা থেকে এ দিন মহিলাদের একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন মোদী। তিনি বলেন, ‘বাংলায় বিজেপির সরকার তৈরি হলে মহিলাদের সম্মান, সুরক্ষা এবং সমৃদ্ধি দেওয়া হবে। প্রত্যেক মহিলা বিনা পয়সায় রেশন পাবেন। কোনও সিন্ডিকেট আপনার অধিকার ছিনিয়ে নিতে পারবে না। ঘর তৈরির স্বপ্ন পূরণ হবে।’ প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘পিএম আবাস যোজনায় দেড় লক্ষ টাকায় বাড়ি তৈরির সহায়তা মিলবে। ওই ঘর মহিলাদের নামেই তৈরি হবে।’ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকার চিকিৎসা মহি‍লারা বিনামূল্যে পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

    তবে এ দিন পানিহাটির সভা থেকে মেয়েদের উপর হওয়া সব অন্যায়-অত্যাচারের ফাইল খুলবে বলে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তা যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তও অভয়ার বিচারের দাবিতে ভোটে লড়ছেন। সেখানে বামেদের স্লোগান, ‘কলতান হারলে, অভয়া হারবে।’ ভিড়ও হচ্ছে কলতানের মিটিং–মিছিলে। এই আবহে মোদী এ দিন যে ভাবে বিজেপি জিতলে আরজি করের ফাইল খোলার বার্তা দিয়েছেন তা পানিহাটির বিজেপি প্রার্থীর প্রচারে বাড়তি জোশ আনবে বলে ব্যাখ্যা গেরুয়া শিবিরের একাংশের।

    শিয়ালদহ আদালত আরজি করের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। এর পর হাইকোর্টে নতুন করে বিচার চেয়ে মামলা করেছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। তদন্তকারী সংস্থা সিবিআইও সাজাপ্রাপ্তের ফাঁসি চেয়ে মামলা করেছে। প্রায় সাত মাস পরে চলতি মাসের প্রথম দিকে ওই মামলাগুলি উঠেছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। আদালত নতুন করে গোটা ঘটনার তদন্ত শুরু করা এবং তদন্তের স্বার্থে যে কোনও সন্দেহভাজনকে জেরার অনুমতি সিবিআইকে দিয়েছে। আদালতের ওই রায়ের পরে আরজি কর মামলায় নতুন করে বিচার পাওয়ার রাস্তা খুলেছে বলে আইনি মহলের ব্যাখ্যা। এ দিন মোদীর ফাইল খোলার গ্যারান্টির পরে অভয়ার মা’র বিচার পাওয়ার সম্ভাবনা আরও জোরা‍লো হবে বলে মত রাজনৈতিক শিবিরের একাংশের।

  • Link to this news (এই সময়)