• ভোটের পরের দিন ফের উত্তপ্ত ময়না, ঝরল রক্ত
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গতকাল রাতের পর ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। সেখানাকার বাকচার সাঁইথিয়া পুলে তৃণমূল বিজেপি-সংঘর্ষে আহত একাধিক, ঝরল রক্ত। মহিলাদের শ্লীলতাহানি এবং মারধরেরও অভিযোগ উঠল। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং ময়না থানার পুলিশ।

    জানা  গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ গতকাল রাতে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে বিজেপি কর্মীরা। তারা পুলিশে অভিযোগ করেন। তারপরেই সকাল থেকে প্রায় ২৫০-৩০০ বিজেপিকর্মী তাঁদের বাড়িতে গিয়ে মারধর শুরু করেন। বাড়ির মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়, মারধর করা হয়  তাদেরকেও। লোহার রড দিয়ে মারধর চলে এমনটাই অভিযোগ। হামলার জেরে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

    অপরদিকে, বিজেপির অভিযোগ তাদের কর্মীরা ওই এলাকায় আড্ডা মারছিলেন। হঠাৎ স্থানীয় তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রী-সহ বেশ কিছু তৃণমূলকর্মী তাঁদের ওপর হামলা চালায়, রড দিয়ে মারধর করে তাঁদের হাত-পায়ে আঘাত করা হয়। ঘটনায় তিন জন বিজেপি কর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় এক জনকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে।

    প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ ছিল। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় ঘটনা কোথাও ঘটেনি। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল-এর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল আসানসোলের রহমতনগর এলাকায়।  পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক তৃণমূল কর্মী ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে মার খেয়েছেন বলে অভিযোগ উঠেছিল। প্রথম দফার দিনে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে বেধড়ক মার খান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। নওদা বিধানসভায় 'আক্রান্ত' হলেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর। প্রায় দু'ঘণ্টা নওদার শিবনগর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বসে থাকার পর হুমায়ুন কবীরের নিরাপত্তারক্ষীরা তাঁকে যখন এলাকা থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই সময়ে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী হুমায়ুন কবীরের কনভয়ে থাকা একাধিক গাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছিল।  
  • Link to this news (আজকাল)