• শিশুকন্যাকে ধর্ষণের পর খুন, গ্রেপ্তার অভিযুক্ত
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তিন বছরের এক শিশুকন্যার ওপর যৌন নির্যাতন ও খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ঘটনার প্রায় এক মাস পর বাবুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ২১ মার্চ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি ময়দান এলাকায় তার মায়ের সঙ্গে থাকত। শিশুটির মায়ের সঙ্গে রবীন্দ্রনগর এলাকার এক যুবকের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে।

    অভিযুক্ত ও শিশুটির মা উভয়েই মাদকাসক্ত ছিলেন বলে দাবি পুলিশের। অভিযোগ, মাদকাসক্ত অবস্থায় অভিযুক্ত একাধিকবার শিশুটির ওপর নির্যাতন চালায়।

    ঘটনার দিনও অভিযুক্ত ও শিশুটির মায়ের মধ্যে বিবাদের সময় শিশুটিকে মাটিতে আছাড় মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

    ময়নাতদন্তের পর পকসো আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতন ও খুনের অভিযোগ আনা হয়েছে। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম সোমা দাস মিত্র জানান, ঘটনার পর অভিযুক্ত উত্তরপ্রদেশের অযোধ্যায় পালিয়ে যায়।

    সেখান থেকে কলকাতায় ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুটির মা ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করছে।
  • Link to this news (আজকাল)