• পোস্টাল ব্যালটে নাম! ভোট দিতে পারলেন না ছাত্রী, কমিশনের কাছে অভিযোগ দায়ের
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল

    ভোট দিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হলেন এক কলেজ পাসআউট ছাত্রী। অভিযোগ, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েই তিনি জানতে পারেন তাঁর নামের পাশে ভোটার তালিকায় 'পিবি' (পোস্টাল ব্যালট) লেখা সিল রয়েছে এবং তার নীচে রয়েছে সহকারী নির্বাচন আধিকারিকের স্ট্যাম্প। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনি বিধানসভা কেন্দ্রের ২০৪ নম্বর বুথে।

    ভোট দিতে না–পেরে ক্ষোভ দেখান সঞ্চিতা রজক নামে ওই ছাত্রী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টে নাগাদ তিনি দোমোহনি গার্লস স্কুলের বুথে ভোট দিতে লাইনে দাঁড়ান। বুথে তাঁর ক্রমিক নম্বর ছিল ৩৭৫। ইভিএমে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা বেজে যাওয়ায় টোকেন নিতে হয়। এর পরে যখন তাঁর ভোট দেওয়ার পালা আসে, তখন বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাঁকে জানান, তিনি ভোট দিতে পারবেন না।

    বুথের আধিকারিকদের দাবি, ভোটার তালিকায় তাঁর নামের পাশে 'পিবি' লেখা সিল ছিল। অর্থাৎ তিনি নাকি সরকারি কর্মী হিসেবে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগেই ভোট দিয়ে দিয়েছেন। কিন্তু সঞ্চিতার স্পষ্ট বক্তব্য, তিনি একজন ছাত্রী, বর্তমানে পড়াশোনা করছেন এবং চাকরির চেষ্টা করছেন। তিনি কোনও সরকারি কর্মী নন। ফলে তাঁর নামে পোস্টাল ব্যালট ইস্যু হওয়ার প্রশ্নই ওঠে না।

    এই ঘটনায় হতবাক সঞ্চিতা প্রশ্ন করেন, 'আমার নামের পাশে পোস্টাল ব্যালটের সিল কীভাবে এল? আমি সঙ্গে সঙ্গে বিএলও–র সঙ্গে যোগাযোগ করেছি, নির্বাচন কমিশনের টোল–ফ্রি নম্বরে এবং ই–মেলেও অভিযোগ জানিয়েছি। কিন্তু শুক্রবারও কোনও সদুত্তর পাইনি।'

  • Link to this news (এই সময়)