• দ্বিতীয় দফার নির্বাচন 'শান্তিপূর্ণ' করতে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়েছে নিরুপদ্রবেই। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন-ও ‘ঘটনাবিহীন’ করতে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ১১ জন পুলিশ পর্যবেক্ষক (Police Observers) রাজ্যে আসছেন। দু'একদিনের মধ্যেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আপাতত এই অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য ১১ জন পার্সোনাল সিকিওরিটি অফিসার বা পিএসও চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে সিইও দপ্তর। কপি দেওয়া হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ইত্যাদি ভিন রাজ্যের এই পুলিশ পর্যবেক্ষকদের দ্বিতীয় দফার নির্বাচনে বিশেষ বিশেষ এলাকায় দায়িত্ব দেওয়া হবে বলে খবর।

    প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনের (Assembly Elections) অনেক আগে থেকেই প্রতি বিধানসভায় একজন করে সাধারণ পর্যবেক্ষক এবং ১০০ জন আয়-ব্যয় পর্যবেক্ষক রাজ্যে আসেন। পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৮৪ জন। এই ১১ জনকে নিয়ে তা বেড়ে দাঁড়ালো ৯৫। প্রয়োজনে ‘সেঞ্চুরি’ হতে পারে বলেও জানিয়েছেন এক নির্বাচনী কর্তা।

    প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় দফায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নির্বাচনে বাড়তি ঝুঁকি নিতে নারাজ কমিশন (Election Comission)। রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রী বা বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা এই দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহর কলকাতা (Kolkata) ছাড়াও ভাঙড়-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া, হাওড়া (Howrah) , হুগলি ও পুর্ব বর্ধমানের বেশ কিছু অতি উত্তেজনাপ্রবণ বুথ (Sensitive Booths) বা এলাকা রয়েছে যেখানে আরও বেশি পরিকল্পনামাফিক কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা বা রাজ্যের পুলিশ আথবা ভিনরাজ্যের পুলিশ বাহিনীকে কাজে লাগাতে চায় কমিশন। সে কারণেই ইতিমধ্যেই ১০ জন এবং প্রয়োজনে আরও কয়েকজন পুলিশ পর্যবেক্ষককে রাজ্যের বাকি ১৪২টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ময়দানে নামাতে চায় নির্বাচন সদন বলে জানিয়েছেন পদস্থ আধিকারিকরা।

    তবে, পর্যবেক্ষকের সংখ্যা বাড়লেও দ্বিতীয় দফায় বাহিনী বাড়ার কোনও সম্ভাবনা নেই। রাজ্যে যে ২৫৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) রয়েছে তাদের মধ্যে একাংশকে প্রথম দফা নির্বাচনী কেন্দ্রগুলির স্ট্রংরুমের নিরাপত্তায় রেখে বাকি বাহিনীকে দ্বিতীয় দফার ৮ নির্বাচনী জেলায় নিরাপত্তা রক্ষার কাজে লাগানো হবে।

    শুক্রবার থেকেই সিইও দপ্তরে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে দফায় দফায় নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত বৈঠক, ভিসি হয়েছে। সিইও ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্র, ওড়িশা পুলিশের আইজি তথা পুলিশ পর্যবেক্ষক হীরালাল, সিআরপিএফ কর্তা থেকে ভিনরাজ্যের পুলিশ কর্তারাও। সবমিলিয়ে ভোটের বুথ এবং বুথের ১০০ মিটারের মধ্যে বা বুথ সন্নিহিত এলাকাকে শান্তিপূর্ণ রেখে বঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনেও রেকর্ড ভোটদানের নজির অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

  • Link to this news (এই সময়)