• জম্মু থেকে শ্রীনগরেও বন্দে ভারত এক্সপ্রেস, কবে শুরু পরিষেবা?
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • এই সময়: শুধু পর্যটন নয়, যোগাযোগ–ব্যবস্থার ক্ষেত্রেও কাশ্মীরে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে এই সপ্তাহে। নর্দার্ন রেলওয়ে জ়োনের আধিকারিকরা জানিয়েছেন, ৩০ এপ্রিল থেকে জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা শুরু হবে। বর্তমানে কাটরা ও শ্রীনগরের মধ্যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। এ বার ওই দু’টি ট্রেনের পরিষেবা জম্মু পর্যন্ত বাড়ানো হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জম্মু স্টেশন থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন।

    নর্দার্ন রেলের আধিকারিকদের বক্তব্য, ৩০ এপ্রিল থেকে যে পরিষেবা শুরু হতে চলেছে, তার পুরো প্রস্তুতি শেষ। রেক ও রেললাইন — দু’টিই প্রস্তুত। যাত্রীপরিবহণ শুরুর আগে জম্মু খেকে শ্রীনগরের মধ্যের প্রায় আড়াইশো কিলোমিটার পথে ট্রেন চলাচলের যে মহড়া হয়েছে, তাও পুরোপুরি সফল। রুটের নিরাপত্তা–ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন অপেক্ষা রেলমন্ত্রীর হাতে উদ্বোধনের। এই পরিষেবা চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

    কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত করার পরিকল্পনা একশো বছরেরও বেশি পুরোনো। অবশেষে ২০২৫–এর ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করে সেই স্বপ্ন পূরণ করেন। সে দিন একই সঙ্গে প্রধানমন্ত্রী উধমপুর–শ্রীনগর–বারামূলা রেল লিঙ্ক প্রকল্পেরও উদ্বোধন করেন। ফলে উপত্যকায় সারা বছর চলাচলের মতো রেল সংযোগ তৈরি হয়েছে। ৩০ এপ্রিল জম্মু–শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে ৩ জুলাই থেকে যে অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে, সে সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা প্রথমে জম্মুতে পৌঁছে সেখান থেকে ট্রেনে শ্রীনগরে যেতে পারবেন।

    তবে রেল জানিয়েছে, সব তীর্থযাত্রী, পর্যটক ও সাধারণ যাত্রীদের ট্রেনে হয়তো স্থান দেওয়া সম্ভব হবে না, তাই দু’জায়গার মধ্যে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের গুরুত্ব কমছে না। যদিও খারাপ আবহাওয়ার জন্যে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে যাত্রীদের জন্যে ট্রেন পরিষেবা বড় সহায়ক হবে। বর্তমানে শ্রীনগর ও কাটরার মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চলে, সেটি আট কামরার। শোনা যাচ্ছে, যাত্রী–সংখ্যার কথা ভেবে জম্মু-শ্রীনগর রুটে ২০ কামরার বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে।

  • Link to this news (এই সময়)