শনিবার সাতসকালে ট্রেন বিভ্রাট। চাকা জ্যাম হওয়ায় বিকল ডাউন বর্ধমান লোকাল। এর জেরে ট্রেনে থাকা যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে বাধ্য হয়ে যাত্রীরা অন্য ট্রেনে উঠে গন্তব্যে রওনা দেন। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক বলে, রেল সূত্রে খবর।
জানা গিয়েছে, সকাল ৭ টা ৯ মিনিটে চুঁচুড়া ঢোকার কথা ছিল ডাউন বর্ধমান লোকালের। হুগলি স্টেশন ছাড়ার পরেই ট্রেনটির চাকা জ্যাম অর্থাৎ ব্রেক বাইন্ডিং হয়ে যায়। ফলে, ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি।
পরে, চুঁচুড়া স্টেশনে ডাউন ব্যান্ডেল লোকাল ঢুকলে আটকে পড়া ট্রেনের যাত্রীরা নেমে ওই ট্রেনেটি ধরেন। যদিও ব্যান্ডেল লোকালও এ দিন নির্ধারিত সময়ের পনেরো মিনিট পরে চুঁচুড়ায় ঢোকে। এর জেরে সব মিলিয়ে ওই শাখার যাত্রীদের গন্তব্যে পৌঁছতে প্রায় ঘণ্টাখানেক দেরি হয়। গরমের দিনে এমন ট্রেন বিপত্তির জেরে বিরক্ত যাত্রীরা।
রেল সূত্রে খবর, পরে ব্রেক বাইন্ডিং ঠিক করে বিকল হয়ে পড়া ডাউন বর্ধমান লোকালও হাওড়ার দিকে রওনা দেন। সকালে ট্রেনের এই বিপত্তিতে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, কেন এই সমস্যা তা তিনি খতিয়ে দেখবেন।