দ্বিতীয় দফার ভোটের ঠিক আগেই ফের সক্রিয় ইডি! শনিবার সাতসকালে রাজ্যের ৯টি জায়গায় অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পূর্ব বর্ধমান ও হাবরায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলাতেই এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতা, হাবরা ও পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় অভিযানে নেমেছে।
শনিবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায় রেশন দুর্নীতি মামলার তদন্তে একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, হাবরার জয়গাছি নেতাজি রোডে ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে হানা দেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত সমীর চন্দের নাম রেশন বণ্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। কোন জায়গা থেকে চাল কেনা হয়, কী দামে তা কেনা-বেচা হয় এবং মান্ডিতে কী দামে সরবরাহ করা হয়, এই সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, হাবরার শ্রীনগর রোডে আরও এক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও অভিযান চালায় ইডি। শনিবার সকালে সেখানে পৌঁছনোর পরে কিছু সময় বাইরে অপেক্ষা করতে হয় আধিকারিকদের। ভোরে এই অভিযানের সময়ে অধিকাংশ পরিবারের সদস্য ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। বার বার দরজায় ধাক্কা দেওয়ার পরে অবশেষে দরজা খোলা হলে ভিতরে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা। এখনও চলছে তল্লাশি। ব্যবসায়ীর পরিবারের সদস্যদেরও প্রশ্ন করা হচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তরফে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
ইডি সূত্রে দাবি, রেশন বণ্টন দুর্নীতি মামলায় হাবরার অন্তত তিনজন চাল ব্যবসায়ীর নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। অভিযোগ, রেশনের সামগ্রী কালোবাজারি করা হচ্ছিল এবং বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের পাশাপাশি কালো টাকা সাদা করার ঘটনাও সামনে এসেছে।
এ ছাড়া পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ীও ইডি-র নজরে বলে জানা গিয়েছে। বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দোতলায় মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে এ দিন হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, প্রায় দশজন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময়ে ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগেই এই অভিযান ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। হাবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী, যাঁকে এর আগেই এই একই মামলায় গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা। বর্তমানে তিনি জামিনে মুক্ত।