• দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি
    আজকাল | ২৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের তল্লাশি অভিযানে ইডি। এবার রেশন দুর্নীতি মামলায়। হাবড়ায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। 

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাবড়ার একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। স্থানীয় সূত্রে খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।

    ইডি সূত্রে খবর, একটি মামলায় আর্থিক তছরুপের সূত্রেই চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। শনিবার ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি–র একাধিক দল রওনা দেয়। ব্যবসায়ীদের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ তাঁদের অপেক্ষা করতে হয়েছিল। দাবি, অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। দীর্ঘক্ষণ পর দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করে তল্লাশি অভিযান শুরু করেন।

    স্থানীয় সূত্রে দাবি, হাবড়ার তিন চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি গিয়েছে। সেখানে তল্লাশি চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। ইডি সূত্রে খবর এই দুই ব্যবসায়ীর মাধ্যমে প্রচুর পরিমাণে গম বাংলাদেশ পাচার হয়েছিল। এখান থেকে বিপুল পরিমাণ টাকা লেনদেন হয়েছিল। এই সমস্ত বিষয়েই খতিয়ে দেখতে তল্লাশি চলছে। 

    এটা ঘটনা, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ১৭৫ গাড়ি চাল ও গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল। সীমান্তরক্ষী বাহিনী সেই গাড়িগুলি আটক করে। সেই ঘটনার জেরে গত মার্চ মাসের শেষ দিকে হাবড়ার চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি ও অভিযান চালিয়েছিলেন। শনিবার সকালে সাগর সাহা, পার্থ সাহা ও রাজীব সাহার নামে আরও তিন চাল ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অভিযান শুরু করেছেন। ইডি আধিকারিকরা বাড়ির ভিতরে ঢুকেছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 

    প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই নানা মামলায় ইডি সক্রিয় হয়ে উঠেছে। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। তৃণমূলের একাধিক নেতা–মন্ত্রীকেও তলব করা হয়েছে। কেউ হাজিরা দিয়েছেন, কেউ নির্বাচনী প্রচারের ব্যস্ততার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার হাবড়ার চাল ব্যবসায়ীরা ইডি–র নজরে।

    প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। ২৯ এপ্রিল, বুধবার রয়েছে দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনের ভোটগ্রহণ। হাবড়াতেও ভোট দ্বিতীয় দফাতেই। ভোটের ফল জানা যাবে ৪ মে। 

     
  • Link to this news (আজকাল)