• দলের বুথ ফেরত সমীক্ষার পর আত্মবিশ্বাসী জলপাইগুড়ি ও মালের তৃণমূল প্রার্থী
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলের বুথ ফেরত রিপোর্টে জয় নিয়ে আত্মবিশ্বাসী জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। মানুষের সমস্যা জানতে চালু করলেন হেল্প লাইন। দিন রাত যে কোনো সময় ওই হেল্প লাইনে ফোন করে মানুষ তাঁদের সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন বলে জানিয়েছেন কৃষ্ণ। তাঁর দাবি, মানুষ ইভিএমে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ৪ মে ভোটের ফল প্রকাশ হবে। কিন্তু তিনি সারা বছর মানুষের জন্য কাজ করেন। এবার নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁর সেই দায়িত্ব আরও বেড়েছে বলে মনে করছেন তিনি। সেকারণে হেল্প লাইন চালু করলেন। যাতে মানুষের যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়ে দ্রুত সমাধান করতে পারেন। কৃষ্ণর দাবি, বুথ কর্মীদের কাছ থেকে যে রিপোর্ট এসেছে, তাতে জলপাইগুড়ি আসনে ন্যূনতম পাঁচ হাজার ভোটে জিতছি। তৃণমূলের এসসি ওবিসি সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসের দাবি, জেলায় সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতে জিতছে দল। ছটি আসনেও তৃণমূল জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না।

    অন্যদিকে, একুশের থেকে জয়ের ব্যবধান অনেক বাড়বে এবার। দাবি মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইকের। দলের বুথ ফেরত রিপোর্ট হাতে পেয়ে দাবি রাজ্যের আদিবাসী ও অনগ্রসর কল্যাণ দপ্তরের বিদায়ী মন্ত্রী। তিনি বলেন, এসআইআর করে যে হয়রানি হয়েছে, তার বদলা নিয়েছে মানুষ। আমার বিধানসভা এলাকায় চা বাগান ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। জয় নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত। স্ট্রং রুমের নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি দলের নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক সেরেছেন বুলুচিক। বললেন, দল বললে দ্বিতীয় দফায় ভোটের প্রচারে যাব। তা না হলে স্ট্রং রুম পাহারা দেওয়া আর এলাকায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলা, কর্মীদের সঙ্গে সময় কাটানো এটাই চলবে।
  • Link to this news (বর্তমান)