• যমুনার দূষণ নিয়ে তোপ মমতার, ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ কটাক্ষ অভিষেকের
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের বাংলায় এসে শুক্রবার গঙ্গাবিহার করলেন নরেন্দ্র মোদি। সেই সূত্রে ‘ডবল ইঞ্জিন’ দিল্লিতে যমুনা নদীর দূষণ নিয়ে মোদিকে কটাক্ষে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখেও পড়তে হয়েছে বিজেপির ‘পোস্টার বয়’-কে। 

    এদিন হাওড়া ময়দানের সভা থেকে মমতা বলেন, ‘আজকে আবার নৌকবিহার করেছেন। বাংলার গঙ্গা পরিষ্কার। দিল্লিতে যমুনার অবস্থা কেমন? একেবারে দূষিত। যমুনায় গিয়ে একটা ডুব দিতে পারবেন?’ এদিন এই জেলারই ডোমজুড়ে সভা ছিল অভিষেকের। সেখানে তিনি কটাক্ষের সুরে বলেন, ‘আপনারা শুধু নির্বাচনের সময় কেন, সারা বছর বাংলায় আসুন। ফুচকা খান, ঝালমুড়ি খান, রোল খান, কচুরি খান, সিঙ্গাড়া-জিলিপি খান। বাংলাটা কত সুন্দর যদি প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে না দেখতেন, তাহলে দেশের মানুষ জানতেই পারত না!’  

    গত ১৫ বছরে পর্যটন পরিকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে। সেই প্রেক্ষাপটেই এদিন অভিষেকের মন্তব্য, ‘এই সরকারের আমলে বাংলার পর্যটন ক্ষেত্রে যত উন্নতি হয়েছে,  তার সবথেকে বড়ো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন নরেন্দ্র মোদি। বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর। যেখানে মুড়ি খাচ্ছেন, সেই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা। আর ফুটপাত ঝাড়গ্রাম পুরসভার তৈরি করা।’  
  • Link to this news (বর্তমান)