• বালিগঞ্জে কোটি টাকার গয়না চুরি, বিহার থেকে পরিচারক গ্রেপ্তার
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার অভিজাত বালিগঞ্জ এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকার হিরের গয়না চুরির অভিযোগে পলাতক পরিচারককে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম সুনীল যাদব (৩৫)। বিহারের বাঁকা জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছেন লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দারা। 

    চলতি মাসের ৪ তারিখে গোয়া বেড়াতে গিয়েছিলেন বালিগঞ্জ থানার আশুতোষ চৌধুরী অ্যাভিনিউয়ের বাসিন্দা আদিত্য ভাগচন্দকা। সেই সময় বাড়িতে বৃদ্ধ বাবা-মা এবং তিন পরিচারক-পরিচারিকা ছিলেন। তিনি ৯ এপ্রিল গোয়া থেকে কলকাতায় ফিরে এসে দেখেন, শোওয়ার ঘরে দেওয়াল আলমারির পাল্লা ভেজানো। আলমারি তছনছ করা হয়েছে। হিরের গয়না সহ পরিচারক সুনীল যাদব উধাও। 

    ওইদিন স্থানীয় বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আদিত্য ভাগচন্দকা। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, দেওয়াল আলমারি থেকে প্রায় সোয়া কোটি টাকার হিরে বসানো সোনার গয়না চুরি গিয়েছে। অভিযোগ গুরুতর হওয়ায় মামলার তদন্তভার স্থানীয় থানার হাত থেকে লালবাজারের অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। 

    তদন্তে নেমে গোয়েন্দা জানতে পারেন, বালিগঞ্জে কাজে যোগ দেওয়ার সময় সুনীল নিজেকে গিরিডির বাসিন্দা বলে দাবি করেছিল। তবে একটি মোবাইল নম্বর ছাড়া আধার বা ভোটার কার্ডের মতো কোনো সচিত্র পরিচয়পত্র সে কাজের বাড়িতে দেয়নি। এই মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকেন লালবাজারের গোয়েন্দারা। টানা মোবাইলে নজরদারি চালাতে গিয়ে লালবাজার দেখে, বিহারের বাঁকা জেলার আমনপুর থানা এলাকায় বর্তমানে সক্রিয় রয়েছে পলাতক সুনীলের মোবাইল। এরপর অ্যান্টি বার্গলারি স্কোয়াডের গোয়েন্দাদের টিম বিহারে বাঁকার দিকে রওনা দেয়। স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে, গোয়েন্দারা বালিগঞ্জ থেকে চুরি যাওয়া ১.২৫ কোটি টাকার হিরের গয়না উদ্ধার করেছেন। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে শুক্রবার দুপুরে আলিপুর আদালতে হাজির করানো হয়। আদালত তাকে ২ মে পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।  
  • Link to this news (বর্তমান)