নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: আজ, শনিবার বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্রের সমর্থনে সভায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় ৪০ হাজার কর্মী জমায়েতের লক্ষ্য নিয়েছে দলীয় নেতৃত্ব। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
বসিরহাট দক্ষিণে তৃণমূলের বিধায়ক ছিলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল। তাঁর উপর আস্থা রেখেছে দল। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব একজোট হয়ে প্রচার করছেন। প্রার্থী মার্জিন বাড়ানোর লক্ষ্যে ছুটছেন। ছোটো পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছেন। গরম উপেক্ষা করে প্রতিটি প্রচারে ঝড় তুলেছেন। কর্মসূচিগুলিতে মানুষের উপস্থিতিও নজরে পড়ছে সবার।
তৃণমূলের কাছে আজকের সভা খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই বিধানসভায় বিজেপির প্রভাব আছে। এই বিধানসভার অন্তর্গত বসিরহাট ও টাকি পুর এলাকায় ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে তৃণমূল। এছাড়া এসআইআরে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। নাম বাদের ক্ষোভের ফসল ঘরে তুলতে মরিয়া বাদল। তিনিই বলেন, ‘সভায় ৪০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য আছে। প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যেকে বিজেপির স্বেচ্ছাচারিতা ও বাঙালির প্রতি বিদ্বেষ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন।’