• শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, একমাস পর পাকড়াও সৎবাবা
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনবছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ৩৩ দিনের মাথায় অভিযুক্ত সৎ বাবাকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ ২৬ বছরের ওই যুবককে পুলিশ ময়দান থানার গঙ্গাসাগর গ্রাউন্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর সে কলকাতা থেকে চম্পট দিয়েছিল ঝাড়খণ্ডে। পুলিশ তার উপর নজরদারি চালাচ্ছিল। বৃহস্পতিবার সে ফের কলকাতায় আসে। পুলিশ সোর্স মারফৎ সে কথা জানতে পারে। এরপর এদিন সকালে ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার অভিযুক্তকে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। বিচারক পাপিয়া দাস তাকে ৭ মে পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, ‘আগামী সপ্তাহে সাক্ষীদের ‘গোপন জবানবন্দি’ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য আদালতে আরজি জানানো হবে।’ তিনি বলেন, ‘ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, খুন সহ পকসো আইনে মামলা দায়ের করা হয়।’ আদালত সূত্রে খবর, গত ২১ মার্চ বিকেলে তিনবছরের ওই শিশু ময়দান থানা এলাকায় একটি ঝুপড়ির কাছে খেলছিল। অভিযোগ, ওই সময় অভিযুক্ত যুবক (সৎবাবা) শিশুটিকে তুলে নিয়ে যায় এক ঝোঁপের কাছে। সেখানে নানাভাবে যৌন নির্যাতন চালানোর পর তাকে ধর্ষণ করা হয়। অপরাধ ঢাকতে তাকে হত্যা করা হয়। এরপর শিশুকন্যার দেহ স্ত্রীর কাছে নিয়ে এসে যুবক বলে, বাচ্চাটিকে মৃত অবস্থায় ঝোঁপের কাছে পাওয়া গিয়েছে। ওই সময় সেখানে পুলিশ টহল দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তকারী পুলিশ অফিসার চামেলী মণ্ডলের তত্ত্বাবধানে একটি  টিম ঘটনার তদন্তে নামে। 
  • Link to this news (বর্তমান)