দ্বিতীয় দফা ভোটের আগে ফের অ্যাকশনে ইডি, হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়ি তল্লাশি
প্রতিদিন | ২৫ এপ্রিল ২০২৬
প্রথম দফা ভোট মিটতে না মিটতেই ফের অ্যাকশন মুডে ইডি। সাত সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ার ছেড়ে গেছেন ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, আর্থিক তছরুপ মামলায় ইডির স্ক্যানারে চাল ব্যবসায়ীরা।
জানা যায়, শনিবার সকালে দক্ষিণ হাবরার সুভাষ রোড এলাকায় পার্থ সাহা, রাজীব সাহা, শ্রমিক চন্দ্র নামে ৩ জনের দোকানে হানা দেয় ইডি। জয়গাছি নেতাজি রোড এলাকায় ব্যবসায়ীদের বাড়িতেও চলে তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে হাবড়ায় যাঁদের বাড়িতে তল্লাশি চলেছে, প্রত্যেকেই চাল ব্যবসায়ী। সূত্রের খবর, আর্থিক তছরুপের অভিযোগেই ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোরে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একাধিক দল রওনা দেয়। হাবড়ায় পৌঁছে আলাদা আলাদা দলে ভাগ হয়ে ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
রাজ্যে বিধানসভা ভোটের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক মামলায় সক্রিয় হয়ে উঠেছে ইডি। একাধিক ব্যবসায়ীদের বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, সিজিও কমপ্লেক্সেও ডেকে পাঠানো হয়েছে একাধিক সন্দেহভাজন অভিযুক্তদের। রাজ্যের শাসকদল বারবার অভিযোগ তুলেছে, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূলকে হেনস্তা করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করা হয়েছে ভোট আবহে। এবার হাবড়ার চাল ব্যবসায়ীরা ইডি-র নজরে। সূত্রের খবর, আর্থিক দুর্নীতি মামলায় ইডির নজরে ব্যবাসায়ীরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।