নির্বাচনের প্রচারের কর্মসূচিতে যাওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের বিদায়ী মন্ত্রী বিরবাহা হাঁসদার কনভয়ে থাকা পুলিশের পাইলট কার। কন্টেনারের সঙ্গে পাইলট কারের সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তবে, সুরক্ষিত আছেন বিরবাহা। তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে, শুক্রবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুর উড়ালপুলের উপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মেদিনীপুর থেকে কলকাতায় নির্বাচনের প্রচারের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিরবাহা হাঁসদা। রাত বারোটা নাগাদ বীরশিবপুর উড়ালপুলের উপর মন্ত্রীর কনভয়ে থাকা পাইলট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় পুলিশ গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা এক ASI এবং একজন কনস্টেবল আহত হন। দুর্ঘটনার পরে পুলিশ জখম দু’জনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে এই দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির কোনও ক্ষতি হয়নি। রাতেই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন।