• হুমায়ুন কবীরে ভরসা নেই, AJUP প্রার্থী বাঁশি ছেড়ে ঘাসফুলে
    এই সময় | ২৫ এপ্রিল ২০২৬
  • আবারও ভাঙন হুমায়ুন কবীরের (Humayun Kabir) দলে। বাঁশি (দলের প্রতীক হুইসেল) ফেলে ঘাসফুলে প্রার্থী। ভোটের মুখে ফের দল ছাড়লেন প্রার্থী। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার আমজনতা উন্নয়ন পার্টিতে (AJUP) ভাঙন। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের AJUP প্রার্থী শেখ হাবিব তৃণমূলে যোগ দিলেন। এ দিন সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে যোগ দেন তিনি। মন্ত্রী পুলক রায় তাঁর হাতে দলের পতাকা তুলে দেন।

    শেখ হাবিবের দাবি, AJUP-র চেয়ারম্যান হুমায়ুন কবীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠকাচ্ছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। তা বুঝতে পেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দল ছাড়লেও রাজনীতি করতে চান, তাই ভরসা রাখছেন তৃণমূলে।

    শেখ হাবিব বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের কার্যকলাপ দেখে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। পরিবারের পক্ষ থেকেও আমাকে নির্বাচন ময়দান থেকে সরে দাঁড়াতে বলছিল। এই সব কারণে আমি দলত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

    গত কয়েক দিনে দলের হয়ে টানা প্রচার করেছেন হাবিব। প্রচারের যে তিন দিন বাকি, চুটিয়ে তৃণমূলের হয়ে ভোট প্রার্থনা করবেন বলেও জানান। হাবিব জানান, শুধু উলুবেড়িয়া নয়, গোটা রাজ্যে AJUP-এর প্রায় ৮০ জন প্রার্থী দলত্যাগ করেছেন।

    হুমায়ুনের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে প্রথম দফা ভোটের আগে ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল। আর তা নিয়ে ক্ষোভপ্রকাশ করে প্রথম দফা ভোটের চার দিন আগে দল ছাড়েন মানিকচক বিধানসভা কেন্দ্রের AJUP প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান।

    এর পরে একে একে রানিগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদৈত্য দাস ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জুভেদ শেখ ইতিমধ্যেই হুমায়ুনের সঙ্গ ত্যাগ করেন। তাঁদের দল ছাড়ার কারণও সেই ভিডিয়ো বিতর্কই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন উলুবেড়িয়ার প্রার্থীও।

    হাবিবের দলে যোগ দেওয়া প্রসঙ্গে পুলক রায় বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে নেতা, কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। শেখ হাবিবও এসেছেন।'

  • Link to this news (এই সময়)