মিল্টন সেন,হুগলি: ভোটের টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দলীয় কর্মী। প্রত্যন্ত গ্রামে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন সন্দেহভাজন। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তল্লাশি চালিয়ে সন্দেহজনকের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা।
শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধনেখালি বিধানসভার অন্তর্গত সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন গভীর রাতে একটি সাদা গাড়িকে গ্রামের রাস্তায় ঘুরতে দেখা যায়। অত রাতে এলাকায় গাড়ি দেখে তাঁদের সন্দেহ হয়। এরপরই গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই গাড়ি আটকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের আধিকারিক এবং পুলিশ প্রশাসন। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ টাকা।
স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, ভোট কেনার জন্য রাতের অন্ধকারে গ্রামে টাকা বিলি করতে এসেছিল বিজেপি। অন্য দিকে, বিজেপি নেতৃত্বের প্লাটা যুক্তি তাদের কাছে অত টাকা নেই। বরং তৃণমূলই টাকা দিয়ে ভোট কেনে।
ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, ভোটারদের বাড়িতে টাকা বিলি করছিল বিজেপি। ওই গাড়িতে একজন ভিন রাজ্যের লোক ছিল। সঙ্গে ছিল স্থানীয় এক বিজেপি কর্মীও। গ্রামবাসীরা জানতে পেরে সেই গাড়ি আটকায়। খবর পেয়ে নির্বাচন কমিশন ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় টাকা। তিনি বলেন, "ভোটের মুখে এমন ঘটনা ঘটিয়ে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছে বিজেপি।"
ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে, টাকার উৎস জানা সম্ভব হয়নি। তবে টাকা কোথা থেকে এল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কিছুই এখনও জানাতে পারেনি গাড়িতে থাকা ব্যক্তিরা।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। মোট ভোটদানের হার ৯২.৮৮ শতাংশ। ২৯ এপ্রিল, বুধবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। ওই দিন বাকি ১৪২টি আসনে চলবে ভোটগ্রহণ। ভোটের ফল জানা যাবে ৪ মে।