• বিকেলেই ৬ জেলায় ধেয়ে আসছে স্বস্তির ঝড়-বৃষ্টি, রইল আগামী ৫ দিনের পূর্বাভাস
    আজ তক | ২৫ এপ্রিল ২০২৬
  • রাজ্যজুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ক'য়েকদিন ঘন ঘন বাজের সঙ্গে ঝড় ও বৃষ্টির দাপট বাড়বে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনাও রয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ওপর দিয়ে প্রায় ১২.৬ কিমি উচ্চতায় শক্তিশালী উপ-ক্রান্তীয় পশ্চিমা জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে, যা বজ্রঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

    তাপমাত্রার হালচাল
    আগামী দু’দিন তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও, তার পরের পাঁচ দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের পশ্চিমাংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি এবং পূর্বাংশে ২-৩ ডিগ্রি বেশি থাকতে পারে। উপকূল এলাকায় আর্দ্রতা ৮০-৯৫ শতাংশ এবং অভ্যন্তরীণ জেলায় ৭৫-৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

    দিনভিত্তিক পূর্বাভাস (দক্ষিণবঙ্গ)২৫ এপ্রিল:
    পুরুলিয়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত উঠতে পারে। কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়াও থাকবে।

    ২৬ এপ্রিল:
    নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে বিস্তৃত এলাকায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। কোথাও কোথাও হাওয়ার বেগ ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

    ২৭ এপ্রিল:
    পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি বাড়বে। বজ্রসহ দমকা হাওয়ার গতি ৫০-৬০ কিমি হতে পারে।

    ২৮ এপ্রিল:
    পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া ও দুই বর্ধমানে বৃষ্টি বেশি হবে। অন্য জেলাতেও ছিটেফোঁটা ঝড়-বৃষ্টি চলবে।

    ২৯ এপ্রিল:
    দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় বজ্রঝড়ের দাপট থাকবে।

    ৩০ এপ্রিল:
    রাজ্যের সর্বত্রই বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। 

     
  • Link to this news (আজ তক)