• বালিগঞ্জের ব্যবসায়ীর কোটি টাকার অলংকার হাতিয়ে উধাও ‘রোমিও’ পরিচারক, মাটি খুঁড়ে উদ্ধার গয়না, বিহারে ধৃত যুবক
    প্রতিদিন | ২৫ এপ্রিল ২০২৬
  • এক কোটি টাকার গয়না চুরি করে বিহারে পলাতক বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়ির পরিচারক। অথচ ব্যবসায়ীর বাড়ির লোক আদৌ জানতেন না তার ঠিকানা। শেষ পর্যন্ত ওই ‘রোমিও’ পরিচারকের একাধিক বান্ধবীর সূত্র ধরেই বিহারের বাঁকায় তার সন্ধান পেলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের চুরি দমন শাখার আধিকারিকরা। বাড়ির পাশেই খেতের মাটি খুঁড়ে উদ্ধার হল ওই কোটি টাকা চুরির গয়না।

    যদিও চুরি যাওয়া নগদ ৪০ হাজার টাকা দিয়ে নিজের এলাকায় ‘রোমিওগিরি’ করার জন্য একটি বাইকও কেনে ওই যুবক। শুক্রবার কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান সোমা দাস মিত্র জানান, গত ৯ এপ্রিল টাকা ও গয়না চুরি করে পালায় পরিচারক। সুনীল যাদব নামে যুবককে বিহার থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ।

    বালিগঞ্জের আশুতোষ চৌধুরি অ্যাভিনিউয়ের বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে ৬ মাস আগে পরিচারকের কাজ করতে যায় সুনীল যাদব। ব্যবসায়ীর পরিবারের লোকেরা পরিচারকের ঠিকানা জানতেন না। শোয়ার ঘরের আলমারি থেকে টাকা ও গয়না সরাতে শুরু করে। এর পরই এক কোটি টাকার উপর গয়না ও নগদ ৪০ হাজার টাকা চুরি করে উধাও হয়ে যায় সে। তদন্তে নেমে পুলিশ মোবাইল কলের সূত্র ধরেই জানতে পারেন যে, একাধিক বান্ধবীর সঙ্গে যোগাযোগ ছিল তার। নম্বর পাল্টে সে বান্ধবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।

    সেই সূত্রেই বিহারের বাঁকায় পৌঁছয় গোয়েন্দাদের টিম। গোয়েন্দারা জানতে পারেন, সে চুরির টাকা দিয়ে একটি বাইক কিনেছে। বাইক নিয়ে নদীর ধারে বাঁধে ঘুরতে যায় সে। সূত্র মারফৎ খবর পেয়ে গোয়েন্দারাও পর্যটক সেজে সেই বাঁধে ‘বেড়াতে’ যান। বাইক নিয়ে পালানোর আগেই গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সুনীল যাদব। তাকে জেরা করেই গোয়েন্দারা খেতের মাটি খুঁড়তে শুরু করেন। কয়েক হাত মাটি খুঁড়তেই উদ্ধার হয় ওই গয়না। জানা যায়, রাতের অন্ধকারে এসে খেতের একটি বিশেষ জায়গায় মাটি খুঁড়ে সে পুঁতে রাখে কোটি টাকার সোনার গয়না। ওই গয়নাগুলির কয়েকটি বান্ধবীদের উপহার দেওয়ার ছকও কষেছিল সুনীল। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)