পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলার মানুষ কাটমানি-সিন্ডিকেটরাজ থেকে মুক্তি চাইছেন বলে মন্তব্য করেন তিনি। যোগীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। তাঁর বক্তব্য, বাংলার মোদীই আসুন আর যোগীই, মানুুষ ভোট দেবেন তৃণমূলকেই।
শনিবার কাটোয়ার সভা থেকে যোগীর অভিযোগ, সারা দেশ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকাশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে, তখন পশ্চিমবঙ্গে তোষণ ও দুর্নীতির রাজনীতি চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে রামনবমীর মিছিলে বাধা দেওয়া হয় এবং যারা হিংসা করে, তাদের প্রশ্রয় দেওয়া হয়।’ এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমার রাজ্যে এখন এখন হিংসা নেই, কার্ফু নেই— শুধু উন্নয়ন ও উৎসবের পরিবেশ। কারণ আমরা অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছি।’
রাজ্যের শাসকদলকে নিশানা করে যোগী বলেন, ‘বাংলার মানুষ কাটমানি ও সিন্ডিকেটরাজ থেকে মুক্তি চায়। কেন্দ্রের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প, যেমন আয়ুষ্মান ভারত বা পিএম কিসান নিধির সুবিধা রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছোতে দিচ্ছে না।’ এ বারের ভোটকে তিনি ‘বাংলাকে বাঁচানোর লড়াই’ বলে উল্লেখ করেছেন।
অন্য দিকে, শনিবার নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে চক দিগনগরে নির্বাচনী জনসভায় গিয়ে পাল্টা আক্রমণ করেছেন জুন। যোগীর প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ও আমাদের শুনতে হল, স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব!’ এসআইআর প্রসঙ্গ টেনে জুন বলেন, ‘যে ভাবে বাংলার মানুষকে হেনস্থা করা হয়েছে, তাঁদের সঙ্গে অন্যায় করা হয়েছে, নির্বাচনের প্রথম দফায় মানুষ জবাব দিয়েছে। দ্বিতীয় দফাতেও মানুষ সঠিক জবাব দিয়ে দেবে।’