বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরেই পুরোনো দল আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। দু’বছর আগের একটি মামলা ফের খুঁচিয়ে তুলেছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ‘নারী বিরোধী’ তকমা দিয়ে শনিবার স্বাতী বলেন, ‘কেজরিওয়াল আমাকে তাঁর নিজের বাড়িতেই গুন্ডা দিয়ে মার খাইয়েছিলেন।’ তাঁর এই মন্তব্যে জাতীয় রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। শুধু তাই নয়, মুখ বন্ধ রাখার জন্য কেজরি তাঁকে নিয়মিত হুমকি দিতেন বলেও অভিযোগ স্বাতীর।
২০০৬ থেকে কেজরিওয়ালের সঙ্গে রয়েছেন স্বাতী। পরে আপের রাজ্যসভার সাংসদও হন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সনও ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরেই আপের সঙ্গে দূরত্ব বাড়ছিল স্বাতীর। এর মধ্যে গতকাল অর্থাৎ শুক্রবার রাঘব চাড্ডা আপ ছেড়ে বিজেপিতে (7 AAP MPs join BJP) যোগ দেন। তাঁর হাত ধরেই পদ্মশিবিরে যান স্বাতী-সহ মোট সাত সাংসদ। তার ২৪ ঘণ্টার মধ্যেই এ দিন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বাতী বলেন, ‘২০০৬ থেকে কেজরিওয়ালের সঙ্গে কাজ করেছি। প্রতিটা আন্দোলনে পাশে থেকেছি। অথচ সেই কেজরিওয়ালই তাঁর নিজের বাড়িতে আমাকে গুন্ডা দিয়ে মার খাইয়েছিলেন।’
স্বাতী যে ঘটনার কথা বলছেন, সেই নিয়ে ২০২৪ সালে দিল্লি পুলিশে একটি মামলা দায়ের হয়েছিল। সিএম হাউসের ভিতরেই তাঁকে বেদম মারধর করা হয়েছিল বলে কেজরিওয়ালের পিএ বিভাব কুমারের বিরুদ্ধে FIR করেছিলেন তিনি। অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে অবশ্য তিনি জামিনও পেয়ে যান। এ দিন সেই প্রসঙ্গ টেনে স্বাতী বলেন, ‘সব ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। আমি যাতে অভিযোগ তুলে নিই, তার জন্যও চাপ দিত।’ তাঁর সাফ কথা, ‘শুরুতে যে ভাবনা দেশকে অনুপ্রাণিত করেছিল, আজ আর তা নেই। শুধু কেজরিওয়ালের জীবনযাপন বদলে গিয়েছে।’
গত দুই বছর তাঁকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করে স্বাতী বলেন, ‘এটা অত্যন্ত লজ্জার। আমাকে সংসদে কথা বলার সুযোগটুকুও দেওয়া হয়নি। কেজরিওয়াল আসলে নারী বিরোধী।’ আম আদমি পার্টি ক্ষমতায় আসার পরে পাঞ্জাবে বেআইনি বালি খাদান এবং মাদকের সমস্যা বহু গুণ বেড়ে গিয়েছে বলে অভিযোগ করেন স্বাতী। তাঁর কথায়, ‘আপ পাঞ্জাবকে লুটছে। রাজ্যটা ব্যক্তিগত এটিএমে পরিণত হয়েছে। বালি খাদান আর মাদকের রমরমা কারবার চলছে।’ শুধু তাই নয়, সেই বিভব কুমারকে জেড প্লাস নিরাপত্তা দিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানের মুখ্য উপদেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ স্বাতীর।
বিজেপিতে যোগ দেওয়া নিয়েও মুখ খোলেন স্বাতী। অনেকেই বিজেপির বিরুদ্ধে আপের রাজ্যসভার সাংসদদের উপরে চাপ খাটানোর অভিযোগ তুলছিলেন। ‘অপারেশন লোটাসের’ প্রসঙ্গও টেনে এনেছিলেন অনেকে। স্বাতী অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন। তিনি বলেন, ‘কোনও বাধ্যবাধকতা থেকে বিজেপিতে যোগ দিতে যাইনি। তা হলে দু’বছর আগেই যেতাম। প্রধানমন্ত্রীর কাজ আমাকে প্রভাবিত করেছে। তাই বিজেপিতে যোগ দিয়েছি।’