• আট ঘণ্টা পার করে রাত ৯টা ৪০-এ বজবজ থেকে ছাড়ল শিয়ালদহগামী ট্রেন
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই সর্বস্ব। কপালে হাত এখানকার মানুষের। শনিবার দুপুর ১টা ৪০-এ আগুন লাগার ঘটনা ঘটে। সেই থেকে বজবজ-শিয়ালদহ শাখায় মাঝেরহাট স্টেশনের পর থেকে ট্রেন চলাচল বন্ধ। রাত ৮টা অবধি পাওয়া খবরে, ট্রেন চলাচল শুরু করা যায়নি। কারণ, এই আগুনে গলে গিয়েছে রেলের হাইটেনশন তার। ফলে সে সব ঠিক না করা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়। যদিও পরে রেলের তরফে জানানো হয়, আপ লাইনে পরিস্থিতি স্বাভাবিক করা গিয়েছে। প্রায় ৮ ঘণ্টা পরে রাত ৯টা ৪০-এ বজবজ থেকে শিয়ালদহগামী ট্রেন ছাড়ে।

    শনিবার সন্ধে ৭টায় সেফ্টি চেকের কথা ছিল। তবে, রাত ৮টা পর্যন্ত তা হয়নি। তার মেরামতির কাজ চলছিল। সেই কাজ সেরে সেফ্টি চেকের পরে পরিষেবা চালু হয়।

    ঘটনার পরেই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানিয়েছিলেন, আক্রা ও সন্তোষপুরের মাঝে, সন্তোষপুর স্টেশন থেকে ২০০ মিটারের মধ্যে ঝুপড়িতে শনিবার দুপুরে আগুন লাগে। সিলিন্ডার ব্লাস্টেরও খবর এসেছে। রেলের তার গলে গিয়েছে। তাই শিয়ালদহ-বজবজ সেকশনে ট্রেন চলাচল বন্ধ। মাঝেরহাট পর্যন্ত ট্রেন যাচ্ছে। রাত ৯টার পরে রেল জানায়, আপ লাইনে ট্রেন চালু হয়েছে।

    যেখানে এ দিন আগুন লাগে, সেই এলাকার পরিচিতি ষোলো বিঘা বস্তি নামে। সেখানেই এই ঝুপড়ি ঘরগুলি। এর আগেও একাধিক বার এখানে আগুন লেগেছে। শনিবারের আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর। তবে ১০০টির বেশি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা, হাতে হাত মিলিয়ে দুপুর থেকে আগুন নেভানোর কাজ করেছেন।

    তবে এলাকার লোকজনের একাংশের অভিযোগ, দমকল আসতে অনেকটা সময় নিয়েছে। অথচ রবীন্দ্রনগর এলাকা এখান থেকে খুব বেশি হলে ২ কিলোমিটার দূরে। মাত্র চারটি ইঞ্জিন আসে বলেও অভিযোগ তাদের। এই ঝুপড়িতে এর আগেও একাধিক বার আগুন লেগেছে।

    এই এলাকা মহেশতলা বিধানসভার মধ্যে পড়ে। আগামী ২৯ এপ্রিল এখানে ভোট। তার আগে আগুনে সর্বস্ব হারিয়ে চিন্তার ভাঁজ এখানকার মানুষগুলোর কপালে। নির্বাচনে কী ভাবে তাঁরা অংশ নেবেন, তা নিয়ে যদিও ভাবার অবকাশ নেই এখন। তবে এই আগুনে বাড়িঘর সব খোয়ানোর পাশাপাশি SIR-এর আবহে নিজেদের নথি খুইয়ে দিশাহারা পরিবারগুলি।

  • Link to this news (এই সময়)