আজকাল ওয়েবডেস্ক: তাঁকে ইডি ৫৫ ঘণ্টা জেরা করলেও দুর্নীতির ইস্যুতে মমতা ব্য়ানার্জিকে কেন জেরা করা হল না? বাংলায় দ্বিতীয় দফা ভোটের আগে শনিবার কলকাতা শহিদ মিনার চত্বর থেকে এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। যা নিয়ে এই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাহুলের মন্তব্য 'দায়িত্বজ্ঞানহীন' বলে দাবি করেছে রাজ্যের শাসক দল। মন্ত্রী শশী পাঁজা, বিজেপি-কে রোখার বিষয়ে কংগ্রেসের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন।
কী বলেছেন রাহুল গান্ধী?এ দিনের প্রচারে মোদী-মমতাকে এক পংক্তিতে বসিয়ে আক্রমণ শানিয়েছেন রাহুল। বিজেপি-তৃণমূলের আঁতাঁতেরও অভিযোগ করেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে যে কংগ্রেসই একমাত্র বিকল্প সেকথা তুলে ধরেন তিনি। এই দুই দলের আঁতাঁতের বিষয়টি স্পষ্ট করতে তিনি বলেন, "আমাকে ইডি ৫৫ ঘণ্টা জেরা করেছে। মমতা ব্যানার্জিকে কতক্ষণ করেছে?"
মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাহুল গান্ধী। বলেন, "বাংলায় রোজগার করতে হলে, তৃণমূল নেতার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ২০২১-এর ভোটের সময়ে মমতা বলেছিলেন, পাঁচ লক্ষ বেকার যুবক-যুবতীকে চাকরি দেবেন। মোদিও দু'কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কেউ কথা রাখেননি।"
রাহুল গান্ধীর দাবি, তৃণমূলের জন্যই বাংলায় বিজেপি মাথা তুলতে পেরেছে। এ দিন ৫৫ জন কংগ্রেস প্রার্থীর সমর্থনে শহিদ মিনারের প্রচারসভা থেকে তাঁর আহ্বান, "একবার কংগ্রেসকে জেতান। কংগ্রেসের সরকার হলে দেখবেন, বিজেপির কী হাল করি।"
পাল্টা খোঁচা তৃণমূলেররাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. শশী পাঁজা বলেন, "দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছেন রাহুল গান্ধী। এই ভোটের সময়েও তৃণমূলের নেতাদের ইডি নোটিশ পাঠাচ্ছে, সেটা উনি জানেনই না। সে সময়ে হয়তো উনি কুকুরকে বিস্কুট খাওয়াতে এবং তার সঙ্গে খেলতে ব্যস্ত।"
পাশাপাশি বিজেপিকে পরাস্ত করার বিষয়ে কংগ্রেসের সদিচ্ছা নিয়েও খোঁচা দেন শশী পাঁজা। বলেন, "বিজেপিকে পরাজিত করার প্রকৃত সামর্থ্য কার রয়েছে—তার ফয়সালা বাংলার মানুষ এবং পরবর্তীতে ভারতের জনগণই করুক। কংগ্রেস যদি আন্তরিকতার সঙ্গে লড়াই করত, তবে লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়া সত্ত্বেও বিজেপি মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারের মতো রাজ্যগুলোতে জয়লাভ করতে পারত না।"