• তৃণমূলের হয়ে রাজনীতিতে যাত্রা শুরু পরমব্রতর
    আজকাল | ২৬ এপ্রিল ২০২৬
  • আগেই খবর রটেছিল যে, ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু সেই গুঞ্জনে জল ঢেলে আজকাল ডট ইন-কে পরমব্রত জানিয়েছিলেন, এই বিষয়ে তিনি অবগত নন। প্রার্থী না হলেও এবার তৃণমূলের সমর্থনে রাজধানীর ময়দানে পা রাখলেন পরমব্রত।

    নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় শনিবার দেখা গেল এক ঝাঁক তারকাদের। চক দিগনগর হাইস্কুলের মাঠ এদিন যেন কার্যত 'চাঁদের হাটে' পরিণত হয়েছিল। প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে সেখানে হাজির ছিলেন সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

    তবে এই সভার মূল আকর্ষণ ছিল পরমব্রতর উপস্থিতি। কারণ, এর আগে তাঁকে কখনও কোনও রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে দেখা যায়নি। নিজের রাজনৈতিক সফরের শুরুতেই পরমব্রত বেশ ঝাঁঝালো মেজাজে ধরা দেন।

    পরমব্রত জানান, কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্যভূমি থেকেই তাঁর রাজনৈতিক মঞ্চে পদার্পণ হল। তাঁর মতে, ২০২৬-এর নির্বাচন কেবল সাধারণ কোনও ভোট নয়, বরং এটি বাঙালির আত্মসম্মান ও মর্যাদা বাঁচানোর এক বড় লড়াই। নারী নিরাপত্তা নিঐ বিরোধীদের কড়া সমালোচনা করে তিনি বলেন, যে সব রাজ্যে নারীদের ওপর অপরাধের হার সবথেকে বেশি, সেখান থেকে এসে কেউ বাংলার সুরক্ষা নিয়ে জ্ঞান দিলে তা মেনে নেওয়া হবে না। 

    মঞ্চে দাঁড়িয়ে পরমব্রত বলেন, "কৃষ্ণনগর দক্ষিণের এই পুণ্যভূমি থেকে আজ ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু হচ্ছে। এই ভরদুপুরে ধুলো আর রোদ উপেক্ষা করে আসার একটাই কারণ— ২০২৬-এর নির্বাচন শুধুমাত্র ভোট নয়, এটি বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার লড়াই।"

    তাঁর দাবি, পশ্চিমবঙ্গ আজও মহিলাদের জন্য দেশের মধ্যে সবথেকে নিরাপদ জায়গা।ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়া বা এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করার বিরুদ্ধেও তিনি সরব হন।

    সবশেষে, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ২৯ তারিখ জোড়াফুল চিহ্নে উজ্জ্বল বিশ্বাসকে ভোট দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান। রোদে-ধুলোয় ঠাসা দুপুরের এই সভায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

    প্রসঙ্গত, বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত। জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এ দেবাদৃতা বসুর বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে।
  • Link to this news (আজকাল)