• ‘৪ তারিখের পর তৃণমূলের গুন্ডাদের আর লুকোনোর জায়গা থাকবে না’, নবদ্বীপে হুঁশিয়ারি যোগীর
    দৈনিক স্টেটসম্যান | ২৬ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের আবহে নবদ্বীপে প্রচারে এসে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর সমর্থনে সভা থেকে তিনি বলেন, ‘৪ তারিখের পরে তৃণমূলের গুন্ডাদের আর লুকোনোর জায়গা থাকবে না। বাংলায় খেলা শেষ, উন্নয়ন শুরু হবে।’ তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

    শনিবার সকাল ১১টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও যোগী আদিত্যনাথ পৌঁছতে প্রায় সাড়ে ১২টা বেজে যায়। তীব্র গরম উপেক্ষা করেও সভামঞ্চের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী, জেলা সভাপতি অপর্না নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ নবদ্বীপের ঐতিহ্যের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘৫০০ বছর আগে মহাপ্রভু শ্রীচৈতন্য হরেকৃষ্ণ নাম দিয়ে গোটা বিশ্বকে আকৃষ্ট করেছিলেন, আজও তাঁর প্রভাব অটুট রয়েছে।’ সেই প্রেক্ষিতেই তিনি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

    তিনি আরও দাবি করেন, ফলাফলের দিন নবদ্বীপেও গেরুয়া পতাকা উড়বে। বাংলার বর্তমান পরিস্থিতির সঙ্গে উত্তরপ্রদেশের অতীতের তুলনা টেনে তিনি বলেন, ‘২০১৭ সালের আগে উত্তরপ্রদেশেও একই অবস্থা ছিল। জয় শ্রীরাম বললে লাঠি চলত। এখন সেখানে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে।’

    আইনশৃঙ্খলা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘উত্তরপ্রদেশে বুলডোজার শুধু রাস্তা তৈরি করে না, দুষ্কৃতীদেরও দমন করে। এখানেও সেই পরিস্থিতি তৈরি হবে।’ তাঁর এই বক্তব্যে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে।

    এই সভা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। শাসকদলের পক্ষ থেকে এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের দাবি, বাংলার মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষেই রয়েছে এবং বাইরের নেতাদের বক্তব্যে প্রভাবিত হবে না।

    নির্বাচনের মুখে এই ধরনের মন্তব্য যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে, তা মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর ফলাফলের দিকে, যেখানে স্পষ্ট হবে জনতার রায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)