দ্বিতীয় দফা ভোটের আগে কালীঘাট থানার ওসিকে সরাল কমিশন, রদবদল আরও কয়েকটি থানায়
প্রতিদিন | ২৬ এপ্রিল ২০২৬
আর তিনদিন পর রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (Bengal Election 2026) রয়েছে। তার মধ্যেই শনিবার বিজ্ঞপ্তি জারি করে ফের কয়েকটি থানার আধিকারিকদের রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে মোট চারটি থানায় এই রদবদল করা হল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর গৌতম দাসকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। কালীঘাট থানার অতিরিক্ত ওসিকেও সরানো হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর উত্তম কুমার পাইক। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের ইন্সপেক্টর সুব্রত পান্ডে পেয়েছেন আলিপুর থানার ওসির দায়িত্ব। উল্টোডাঙা মহিলা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিপুর থানার অতিরিক্ত ওসি চামেলি মুখোপাধ্যায়।
গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসি হিসেবে উৎপল কুমার ঘোষকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। এবার তাঁকে সরিয়ে গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হল। উল্লেখ্য, কালীঘাট থানা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অবস্থিত। এই কেন্দ্রে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি এই কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে। সেই কারণে এই কেন্দ্রে বিশেষ নজর রয়েছে সকলের। এই কেন্দ্রে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কমিশন। তাই এক মাসের মধ্যে দ্বিতীয়বার কালীঘাট থানার ওসি বদলের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভোটের আগে নির্বাচন কমিশন স্বাভাবিক নিয়মে প্রশাসনিক পদে রদবদল করে থাকে। কিন্তু ছাব্বিশের নির্বাচনের সময় রাজ্যে ব্যাপক রদবদল করেছে কমিশন। এর আগে নির্বাচনের আগে এত রদবদলের ঘটনা ঘটেনি। অন্যান্য রাজ্যেও এরকম ঘটনার নজির নেই বললেই চলে। এবার দ্বিতীয় দফার নির্বাচনের আগে একেবারে শেষ মুহূর্তে শহরের চারটি থানায় রদবদল করল কমিশন।