নির্বাচনের রণভূমে ‘অস্ত্র তুলে রেখে’ অসুস্থের সেবায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র গরমে অসুস্থ এক মহিলা সমর্থকের নাড়ি পরীক্ষা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর দ্রুত চিকিৎসার জন্য দিয়ে দিলেন নিজের গাড়িও। শনিবার বেহালায় নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মানবিক রূপে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
দ্বিতীয় দফার নির্বাচন উপলক্ষে শনিবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁজালো স্বরে সভা থেকে আক্রমণ শানাচ্ছিলেন বিজেপির উদ্দেশে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে এক মহিলা সমর্থককে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন তৃণমূল নেত্রী। বক্তব্য থামিয়ে মুখ্যমন্ত্রী জানতে চান কী হয়েছে তাঁর। নিজে এগিয়ে গিয়ে নাড়ি পরীক্ষা করেন অসুস্থ ওই মহিলার। প্রাথমিক পরীক্ষার পর মুখ্যমন্ত্রী বলেন, ওনার প্রেসার কমে গিয়েছে। তিনি জল খাবেন কিনা জানতে চান? পাশাপাশি ওই মহিলার দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সভামঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, “আমার গাড়িটা ওঁকে দিচ্ছি। ওই গাড়িতে করে দ্রুত ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওনাকে গাড়িতে করে এখান থেকে বের করে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না।” মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অসুস্থ ওই মহিলা সমর্থককে দ্রুত মুখ্যমন্ত্রীর গাড়িতে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এদিকে শনিবার ভবানীপুরে চক্রবেড়িয়ায় স্বামী নারায়ণ মন্দিরের কাছে জনসভা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেখানকার সভা পণ্ড হয়ে যায় বিজেপির মাইক ‘আস্ফালনে’! অভিযোগ, তৃণমূলনেত্রী তথা ভবানীপুরের প্রার্থীর সভার সামনেই উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল বিজেপি। তাতে অত্যন্ত বিরক্ত হন মমতা। বলেন, ”এভাবে মিটিং করা সম্ভব নয়। আমায় ক্ষমা করবেন। এর প্রতিবাদে আমায় ভোটটা দেবেন।” এরপরই সভা ছেড়ে বেরিয়ে যান তিনি।