• আজ ফের রাজ্যে মোদী, কলকাতার একাধিক রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • রবিবার ফের নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বনগাঁর ঠাকুরনগরে এবং হুগলির আরামবাগের হরিপালে সভা করবেন তিনি। পাশাপাশি কলকাতায় রোড শো করার কথাও আছে তাঁর। এই কারণেই এ দিন কলকাতার একাধিক রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর এই রোড শো এবং সফরের জন্য রবিবার এবং সোমবার একাধিক রাস্তা বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।

    আগামী ২৯ তারিখ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ভোট হবে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হুগলি (Hoogly)-সহ একাধিক জেলায়। এই নির্বাচনের আগে প্রচারে ঝাঁজ আরও বাড়াতে চলেছে বিজেপি। গত শুক্রবার রাজ্যে ছিলেন প্রধানমন্ত্রী। সে দিন তিনি নির্বাচনী জনসভা করেন পানিহাটিতেও। আর জি কর হাসপাতালের ঘটনা নিয়েও সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী। এর পরে রবিবার ফের রাজ্যে আসছেন তিনি।

    বিজেপি সূত্রে খবর, আজ, দুপুর ১টায় ঠাকুরনগরে (Thakurnagar) এবং দুপুর ৩টার সময়ে আরামবাগের হরিপালে জনসভা করবেন তিনি। এর পরই বিকেলে তিনি চলে আসবেন কলকাতা। রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ উত্তর কলকাতায় বিজেপির প্রার্থীদের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করবেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে এই মিছিল খান্না ক্রসিং পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। ওই রোড শেষ হওয়া সম্ভাবনা আছে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। রোড শো শুরু আগে ঠনঠনিয়া কালীবাড়িতে যাওয়ার কথাও আছে প্রধানমন্ত্রীর। সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় থাকার কথা আছে তাঁর।

    এই কারণে একাধিক রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

    কোন কোন রাস্তা বন্ধ?

    কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের জন্য রবিবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত এবং সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন রাস্তা বন্ধ থাকবে। একই সঙ্গে রাস্তাগুলিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই রাস্তাগুলিতে নির্ধারিত সময়ের মধ্যে এলপিজি সিলিন্ডার, সব্জি, দুধ, ফল, মাছ এবং ওষুধের পণ্যবাহী ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

    রবিবারঃ রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং, এজেসি বোস রোড এবং ফ্লাইওভার, পার্ক স্ট্রিট, সেভেন পয়েন্ট ক্রসিং, খান্না ক্রশিং, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, শোভাবাজার ক্রশিং, রবীন্দ্র সরণি, লালবাজার, বিবাদি বাগ, দ্বিতীয় হুগলি সেতু-সহ এলাকায় যান চলচাল নিয়ন্ত্রণ করা হবে।

    সোমবারঃ দুপুর ১টা পর্যন্ত রেড রোড, হেস্টিংস ক্রশিং, এজেসি বোস রোড এবং ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, সিঁথি ক্রসিং-সহ বিভিন্ন এলাকায় একই ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

    প্রধানমন্ত্রীর সফরের কারণে, রবিবার বিকেল ৫টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত গভর্নর প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদি বাগ সাউথ ক্রসিং রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)