জয়পুর: রাজস্থানের আলওয়ারে ১৫ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার দাদা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্কুল যাওয়ার পথে তাঁর নাবালিকা বোনের পথ আটকায় একটি এসইউভি গাড়ি। ভিতর থেকে দুজন বেরিয়ে আসে। তারাই বোনের চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়। চোখের নিমেষে উধাও হয়ে যায় গাড়িটি। জানা গিয়েছে, গ্রামের প্রান্তে একটি পরিত্যক্ত ঘরের নিয়ে গিয়ে ওই ছাত্রীর উপর অত্যাচার চালায় তিন দুষ্কৃতী। বোনের বন্ধুরা গ্রামে ফিরে ঘটনার কথা জানায়। খবর পেয়েই গ্রামের লোকজন নাবালিকার খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় পুলিশেও। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয় নাবালিকাকে। মূল অভিযুক্ত রাহুল সাইনি নামে এক যুবককে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে বাকি দুজন পলাতক। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তিন অভিযুক্তই দৌসা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে।