নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছিল আগেই। তা নিয়ে শুরু হয়েছিল চরম বিতর্কও। এর ফলে চরম কোণঠাসা হয়ে পড়ে শিক্ষামন্ত্রক এবং এনসিইআরটি। চরম বিতর্কের জেরে অবশেষে নড়েচড়ে বসল ব্যাকফুটে চলে যাওয়া এনসিইআরটি। তারা রীতিমতো বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে, ক্লাস নাইনের সমস্ত বই আপাতত অনলাইনে পাওয়া যাচ্ছে। সেখান থেকেই যাবতীয় বই কিনে নিতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকরা। অর্থাৎ, পড়ুয়াদের সমস্যার কোনো কারণ নেই।
এর আগে অভিভাবকদের একটি বড়ো অংশ প্রশ্ন তুলেছিল, এক বছরের মধ্যেই যাদের শিয়রে গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার খাঁড়া ঝুলছে, তাদের বই নিয়েও কেন এভাবে দায়সারা ভাব দেখানো হচ্ছে? তবে এনসিইআরটিকে কাঠগড়ায় তোলার ঘটনা বন্ধ হচ্ছে না। প্রশ্ন উঠছে, শিক্ষা বছর শুরু হওয়ার পর এতদিন পর্যন্ত কেন গা-ছাড়া মনোভাব নিয়েই চলছিল এনসিইআরটি এবং কেন্দ্রীয় সরকার? এসংক্রান্ত বিতর্ক নিয়ে অবশ্য শিক্ষামন্ত্রক কিংবা এনসিইআরটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এনসিইআরটি জানিয়েছে, ক্লাস নাইনের সংস্কৃত, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, হিন্দি, উর্দু, শারীর বিজ্ঞান বই নিয়ে আর কোনো সমস্যা নেই। সংস্কৃত বইয়ের নাম দেওয়া হয়েছে ‘সারদা’। ইংরেজির ‘কাবেরি’। অঙ্ক বইয়ের নাম ‘গণিত মঞ্জরী’। বিজ্ঞান ‘এক্সপ্লোরেশন’। হিন্দির ‘গঙ্গা’। উর্দুর ‘যমুনা’। শারীর বিজ্ঞান বইয়ের নাম ‘খেল প্রবীণ’। এনসিইআরটি জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে এইসব বই কিনতে পারবে পড়ুয়ারা।