• কেজরিওয়ালের ‘শিশমহল টু’: বিজেপি-আপের জোর তরজা
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) ঘরে ‘অপারেশন লোটাসে’র পরদিনই নতুন করে ‘শিশমহল’ বিতর্ক উসকে দিল বিজেপি। একদিন আগেই দিল্লিতে কেন্দ্রের বরাদ্দ করা নতুন সরকারি বাসভবনে উঠেছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। শনিবার বিজেপি নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মার অভিযোগ, নয়া এই সরকারি বাসভবনেও ‘বেসরকারি টাকা’য় সংস্কার করে ‘শিশমহল-টু’ গড়ে তুলেছেন ‘দিল্লির রহমান ডাকাত’ কেজরিওয়াল। শুঅত্যাধুনিক ও আরামদায়ক মহার্ঘ সামগ্রী সহ ঝাঁ-চকচকে কিছু ছবি প্রকাশ করে ভার্মার দাবি, এগুলি কেজরিওয়ালের ‘দ্বিতীয় শিশমহলে’র অন্দরমহলের ছবি। যদিও বিজেপির এই অভিযোগ তড়িঘড়ি খারিজ করেছে আপ নেতৃত্ব। দলের নেতা সঞ্জয় সিংয়ের পালটা অভিযোগ, ছবিগুলি সম্পূর্ণ ভুয়ো। এগুলি মোটেও কেজরিওয়ালের নতুন বাসভবনের ছবি নয়। যে বিজেপি নেতারা এই ভুয়ো ছবি প্রকাশ করেছেন এবং যে চ্যানেলগুলি তা দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। আপ নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী আতিশীও এই ইস্যুতে সুর চড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাবি, ওই ছবিগুলি মোটেও কেজরিওয়ালের নতুন বাসভবনের নয়। সেগুলি ইন্টারনেটে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা হয়েছে। যদিও ‘দ্বিতীয় শিশমহল’ ইস্যুতে বিজেপির সুরেই কথা বলেছেন আপ থেকে সদ্য পদ্ম শিবিরে নাম লেখানো রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।
  • Link to this news (বর্তমান)