• সামার স্পেশাল চালাতে গিয়ে নাজেহাল রেল
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুষ্ঠুভাবে স্পেশাল ট্রেন চালাতেও রীতিমতো হিমশিম খাচ্ছে রেল। রেলের অব্যবস্থায় স্টেশনে স্টেশনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাধারণ যাত্রীদের ভিড়। ট্রেনে ওঠা তো অনেক পরের ব্যাপার! স্টেশনে নির্দিষ্ট ট্রেন খুঁজে পেতেই নাজেহাল হতে হচ্ছে রেল যাত্রীদের। আর যাত্রীদের হয়রানি যত বাড়ছে। ততই পাল্লা দিয়ে ক্ষোভ এবং অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। রেল যাত্রীদের বড়ো অংশই প্রশ্ন তুলছে, গুচ্ছ গুচ্ছ সামার স্পেশাল ট্রেন চালানোর দাবি করে কৃতিত্ব নিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু বাস্তবে সাধারণ যাত্রীরা আদৌ স্বাচ্ছন্দ্য এবং পরিষেবা পাচ্ছেন কি? তা নিয়ে কারও কোনো মাথাব্যথা কেন নেই? জানা যাচ্ছে, পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আসরে নামতে হয়েছে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। রেলভবনের ওয়্যার রুম থেকেই রেল আধিকারিকদের মাধ্যমে খোঁজ নিচ্ছেন তিনি। 

    দু’দিন আগেই দিল্লিতে রেল বোর্ডের আধিকারিকদের সঙ্গে এব্যাপারে জরুরি বৈঠক করেছেন অশ্বিনী বৈষ্ণব। শনিবার রেলমন্ত্রী সরকারি কর্মসূচিতেই বেঙ্গালুরুতে গিয়েছেন। জানা যাচ্ছে, সেখান থেকেও খোঁজ খবর নিয়েছেন তিনি। যদিও শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে পরিস্থিতির খোঁজ নিয়ে আদৌ অশ্বিনী বৈষ্ণবের পক্ষে প্রকৃত হালহকিকতের হদিশ পাওয়া সম্ভব কি না, সেই প্রশ্ন উঠছেই। বিধানসভা ভোটের অঙ্ক মাথায় রেখেই এবছর সারা দেশে সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলমন্ত্রক। এই সামার স্পেশালের দেশব্যাপী ১৮ হাজারেরও বেশি ট্রেন ট্রিপসের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এর মধ্যে একটি বড়ো অংশের ট্রেনকেই পাঠানো হচ্ছে ভোটমুখী রাজ্য পশ্চিমবঙ্গে। তবে দিনের শেষে সামার স্পেশাল ট্রেনগুলিতে যাত্রী পরিষেবা কতটা দেওয়া হচ্ছে, তা নিয়েই চর্চা শুরু হয়েছে। তৈরি হয়েছে প্রবল জল্পনা। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)