• ভোট মিটতেই ভিন রাজ্যে কাজে ফেরা শুরু পরিযায়ীদের
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, দেওয়ানহাট: ভোট শেষ হতেই ভিন রাজ্যে কাজে ফিরছেন দিনহাটার পরিযায়ী শ্রমিকরা। শনিবার ট্রেন ধরতে দিনহাটার সীমান্ত এলাকার বামনহাট রেল স্টেশনে দেখা গেল পরিযায়ী শ্রমিকদের ভিড়। ভোটের উত্তাপ কাটতে না কাটতেই কাজে ফেরা শুরু শ্রমিকদের। স্টেশন চত্বরে ব্যাগ-বোঝাই মানুষজন প্ল্যাটফর্মে বসে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। কারও হাতে ছোটো ট্রলি ব্যাগ, কারও কাঁধে ঝোলা। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে শেষ মুহূর্তের কথা সেরে নিচ্ছেন।

    শুক্রবারের পর শনিবারও একই চিত্র দেখা গেল দিনহাটার সীমান্ত এলাকার বামনহাট স্টেশনে। এদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক, ইটভাটা কর্মী কিংবা বিভিন্ন অস্থায়ী কাজে যুক্ত। তাঁরা মূলত দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাত, বিহারে বিভিন্ন কাজে যুক্ত। স্টেশনে ট্রেন ধরতে আসা শুকারুরকুঠি গ্রামে বাসিন্দা অতারুল হক বলেন, বছরে প্রায় দশ মাসই ভিন রাজ্যে থাকি। এবারে ভোট দেওয়ার জন্য মঙ্গলবার বাড়িতে এসেছিলাম। ভোট না দিলে যদি তালিকা থেকে নাম কেটে দেয় সেজন্য অনেক সমস্যার মধ্যেও গ্রামে এসে ভোট দিলাম। ভোট শেষ, তাই আর দেরি না করে আবার কাজে ফিরে যাচ্ছি। একই সুর শোনা গেল অন্যদের মুখেও।

    ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কোচবিহার জেলার ভোটগ্রহণ হয়েছে গত বৃহস্পতিবার। এবারে এই জেলার ভোটদানের হারে সবাইকে ছাপিয়ে গিয়ে জাতীয় স্তরে রেকর্ড তৈরি করেছে। কোচবিহার জেলায় ভোট পড়েছে ৯৬.০৪ শতাংশ। অনেকেরই ধারণা ছিল, ভোট না দিলে ভবিষ্যতে নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম থাকা নিয়ে সমস্যা হতে পারে। এই কারণেই সীমান্তবর্তী এলাকাগুলিতেও ভোট দেওয়ার অভূতপূর্ব প্রবণতা দেখা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)