• গরমে ডিউটি, বাঁকুড়ায় অসুস্থ হয়ে মহিলা বিএলও’র মৃত্যু
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়ায় অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন হয়ে এক মহিলা বিএলও’র মৃত্যু হয়েছে। মৃতার নাম শম্পা লাই পরামানিক(৪৫)। তাঁর বাড়ি বাঁকুড়া শহরের ব্যাপারিহাট এলাকায়। শম্পাদেবী শহরের লালবাজার মুচিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ছিলেন।

    মৃতার পরিবারের অভিযোগ, ভোটের দিন প্রচণ্ড গরমে ডিউটি করে শম্পাদেবী অসুস্থ হয়ে পড়েন। বিএলওদের জন্য ভোটকেন্দ্রে ওআরএস সহ অন্য ব্যবস্থা ছিল না। শম্পাদেবী বাড়ি ফিরে বারবার বমি করতে থাকেন। শনিবার সকালে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এঘটনার পর বাঁকুড়ার বিএলওরা ক্ষোভে ফুঁসছেন। তাঁরা অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশন ভোটের দিন বিএলওদের সঙ্গে দুয়োরানির মতো আচরণ করেছে। এভাবে চললে আগামী দিনে তাঁরা গণ ইস্তফা দিতে বাধ্য হবেন বলেও বিএলওদের একাংশ দাবি করেছে।

    শম্পাদেবীর বাড়িতে স্বামী ও ১৮ বছরের ছেলে রয়েছে। তাঁর স্বামী প্রসেনজিৎ পরামানিক বলেন, স্ত্রী বাঁকুড়া বিধানসভার ৮৭নম্বর বুথের বিএলও ছিল। ভোটের দিন বাঁকুড়া টাউন বয়েজ হাইস্কুলে তার ডিউটি পড়ে। ভোটপর্ব সেরে ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। কিন্তু, বারবার বমি হওয়ায় অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার রাতে বাড়াবাড়ি হয়। এদিন সকালে মেডিকেলে নিয়ে যাওয়ার সময় শম্পা মারা যায়। ভোটের দিন অব্যবস্থার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা জেলা প্রশাসনকে লিখিতভাবে জানাব।

    বাঁকুড়ার অপর এক বিএলও রিঙ্কু রায় চন্দ বলেন, ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বুথে ওআরএস সহ অন্য ব্যবস্থা ছিল। কিন্তু বিএলওদের জন্য সামান্য ওআরএস পর্যন্ত ছিল না। এমনকি, বসার জায়গা নিয়েও আমাদের হয়রান করা হয়। 
  • Link to this news (বর্তমান)