• কেন্দ্রীয় বাহিনীকে হিংসা কবলিত এলাকা ও দাগিদের তালিকা দিতে নির্দেশ সিপির
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিশের একাধিক থানা হিংসা কবলিত অঞ্চল ও হিস্ট্রি শিটারদের তালিকা দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ পর্যবেক্ষকদের এই অভিযোগের পর নির্বাচন কমিশন লালবাজারকে নির্দেশ দিল এই তালিকা তুলে দেওয়ার জন্য। তারপরই কলকাতা পুলিশের সিপি সমস্ত থানাকে নির্দেশ দিয়েছেন, থানাগুলিকে এই তালিকা দিতেই হবে। এমন কড়া নির্দেশ আসার পর তড়িঘড়ি কাজ শুরু হয়েছে বলে খবর।

    নির্বাচনের দিন গোলমাল বা অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের হিংসা কবলিত এলাকাগুলি চিহ্নিত করতে চাইছে কেন্দ্রীয় বাহিনী। বিগত নির্বাচনগুলিতে কোন এলাকায় কারা গোলমাল পাকিয়েছে, ভোটারদের ভয় দেখিয়েছে বা দাদাগিরি করেছে যারা,  তাদের নামের তালিকা হাতে রাখতে চাইছে বাহিনী। এর ফলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে এবং প্রয়োজনে তারা ঠিক করতে পারবে, কোথায় কত বাহিনী মোতায়েন করা প্রয়োজন। তাই পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর অফিসার এবং থানার ওসিদের বৈঠকে বিষয়গুলি তোলা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে। পুলিশ পর্যবেক্ষকরা থানাগুলিকে দ্রুত এসব তথ্য তুলে দেওয়ার নির্দেশ দেন। 

    কিন্তু বাহিনীর অভিযোগ, ভোটের আর কয়েকদিন মাত্র বাকি থাকলেও এই তালিকা তাদের দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকরা অভিযোগ করেন কমিশনের কাছে। কমিশন খোঁজ নিয়ে জানতে পারে, পুলিশ অবজার্ভারদের অভিযোগের সারবত্তা রয়েছে। তারপরই কমিশন সিপি-কে নির্দেশ দেয়, অবিলম্বে থানাগুলিকে হিংসা কবলিত এলাকার তালিকা, হিস্ট্রি শিটারদের নাম এবং এলাকার ম্যাপ তুলে দিতে হবে। কমিশনের নির্দেশ পেয়েই সিপি সমস্ত থানাকে সেই নির্দেশ পাঠিয়ে বলে দেন, তারা যেন গড়িমসি না করে। এমনকি, কমিশনের নির্দেশ মতো বুথের তালিকাও দেবে থানাগুলি। সেই সঙ্গে স্টেট পুলিশ নোডাল অফিসারকেও বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যান, হিস্ট্রি শিটারদের তালিকা সহ সব তথ্য দিতে হবে থানার ওসিদের। 

    লালবাজার সূত্রে খবর, বিভিন্ন দল কমিশনে অভিযোগ করেছে, সভা বা জমায়েতের অনুমতি পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পুলিশের দাবি, যে সময়ের কথা বলে সভার অনুমতি নেওয়া হচ্ছে, বাস্তবে সভা হচ্ছে তার অনেক পর। এই অবস্থায় প্রতিটি দল যাতে সমান সুযোগ পায়, সেই মতো ব্যবস্থা করার জন্য সিপি-কে নির্দেশ দিয়েছে কমিশন।
  • Link to this news (বর্তমান)