• আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তৃণমূলে যোগ দিলেন
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের তিনদিন আগে আম জনতা উন্নয়ন পার্টিতে ভাঙন। শনিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ওই দলের প্রার্থী শেখ হাবিব তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে হাবিবের হাতে দলীয় পতাকা তুলে দেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির হাওড়া জেলার প্রাক্তন সহ সম্পাদক শেখ হাবিব বলেন, হুমায়ুন কবির মুসলিম সমাজের উন্নয়ন ঘটানোর বার্তা দিয়েছিলেন বলে আমি ওই দলে যোগ দিয়েছিলাম। পরে আমি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ওই দলের প্রার্থী হয়ে বুঝতে পারি, ওঁর কোনো সৎ উদ্দেশ্যই নেই। উনি একজন ধাপ্পাবাজ। উনি সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না, সংখ্যালঘু ভোট কেটে ঘুরিয়ে গেরুয়া দলটিকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন।

    হাবিব অভিযোগ করেন, হুমায়ুন মুসলিম সমাজকে ধোঁকা দিচ্ছেন, বোকা বানাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রাজ্য চালাচ্ছেন এবং উন্নয়ন করছেন। কিন্তু হুমায়ুনের দলের উদ্দেশ্যই হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। ওঁর এই চক্রান্তের কথা বুঝতে পেরে শুধু আমি নই, আমার মতো অনেক প্রার্থীই দলত্যাগ করেছেন। তাঁর দাবি, এখনো পর্যন্ত ৮০ জন প্রার্থী ওই দল ছেড়েছেন। তাছাড়া আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হওয়ার পর পারিবারিক অশান্তিও শুরু হয়েছিল। সেই কারণেও আমি দলত্যাগ করার সিদ্ধান্ত নিই।

    আপনি তো ইতিমধ্যে ওই দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। এবার দলত্যাগ করার পর কি করবেন? এই প্রশ্নের উত্তরে শেখ হাবিব বলেন, এখন থেকে তৃণমূলের প্রার্থী পুলক রায়ের হয়ে প্রচার করব। পাশাপাশি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকদের বলব, আপনারা বাঁশি চিহ্নে কেউ ভোট দেবেন না। যদি বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে দিদির হাত শক্ত করুন।
  • Link to this news (বর্তমান)