• আমতা-তারকেশ্বর-চাকদহ-কাকদ্বীপে সুপারস্টারদের দেখতে ভিড়, ধর্মের ব্যবসা করতে এসেছে ওরা, ফাঁদে পা দেবেন না: দেব
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর, উলুবেড়িয়া ও কল্যাণী, কাকদ্বীপ: কাজের কথা কেউ বলছে না। সব ধর্ম ধর্ম করে ব্যবসা করছে। ২০২৬ এর নির্বাচনের আগে একটা দল বলল, আমরা যদি নির্বাচনে জিতি তাহলে বাবরি মসজিদ তৈরি করব। আবার একটা দল বলছে আমরা রামমন্দির তৈরি করেছি আমাদের ভোট দিন। পৃথিবীতে কোনো নির্বাচন মন্দির-মসজিদ বানানোকে কেন্দ্র করে হয় না। নির্বাচন হয় মানুষকে ভালো রাখার জন্য, আগলে রাখার জন্য। এইসব মাথায় রেখে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দেবেন। ২০১১ থেকে ২০২৬ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সব পূরণ করেছেন। শনিবার বিকেলে আমতা বিধানসভার গাজীপুর ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী সুকান্ত পালের সমর্থনে আয়োজিত জনসভায় এ কথা বলেন সাংসদ দেব। এদিন রাজ্যে প্রচারে ঝড় তুলেছিলেন এই তৃণমূল সাংসদ। সব জায়গায় এরকম জনসচেতনতামূলক বক্তব্য রেখেছেন। আমতা ছাড়াও তাঁর রোড শো ও সভা ছিল তারকেশ্বর এবং চাকদহে। সর্বত্র দেবকে নিয়ে প্রবল উন্মাদনা। মানুষ গোলাপ ফুল ছুড়ে অভিনন্দন জানিয়েছেন। কোথাও বাড়ি থেকে কেউ রান্না করে আনেন খাওয়াবেন বলে। কোথাও কেউ দিলেন রোদ ঢাকার জন্য টুপি। দেব সবাইকে প্রতি নমস্কার করেন। অভিবাদন জানান। সর্বত্র তাঁকে দেখার জন্য, কথা শোনার জন্য উপচে পড়া ভিড়। যা কার্যত জনপ্লাবনের চেহারা নিয়েছিল।

    দুপুরে চাকদহ থানার দরাপপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছিল সভা। সেখানে হরিণঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাসের সমর্থনে জনসভা করেন দেব। তীব্র গরম উপেক্ষা করে মাঠ গিয়েছিল কানায় কানায় ভর্তি হয়ে। দেব বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার চারমাসের মধ্যেই তা কার্যকর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে এখন।’ এর পাশাপাশি কন্যাশ্রী, সবুজসাথী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও বক্তব্যে তুলে ধরেন। সভায় ছিল উপচে পড়া ভিড়। উপস্থিত ছিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায়, হরিণঘাটা বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান চঞ্চল দেবনাথ প্রমুখ।

    এর পাশাপাশি তারকেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের হয়ে রোড শো করেন দেব। দুপুরে হেলিকপ্টারে তারকেশ্বর পৌঁছন। তারপর জয়কৃষ্ণ বাজার মোড় থেকে চাউলপট্টি পর্যন্ত প্রার্থীকে নিয়ে রোড শো করেন। রাস্তার দু’পাশে দেবদর্শনে অগণিত মানুষের ভিড়। কেউ গোলাপ হাতে কেউ অটোগ্রাফ নেওয়ার আশায় ছুটছেন। ভিড় সামলাতে নাজেহাল প্রশাসন। কেউ তৃণমূলের প্রতীক দেওয়া টুপি দেন। আশপাশের বাড়ির ছাদ, পাঁচিল, গলি চলে যায় জনতার দখলে। সবমিলিয়ে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস।

    দেব একা নন। বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিক সুন্দরবনের চারটি বিধানসভায় তৃণমূলের হয়ে প্রচার করেন। কুলতলি, গোসাবা, পাথরপ্রতিমা ও কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে রোড শো করেন তিনি। তাঁকে ঘিরে ছিল সর্বত্র প্রবল উৎসাহ। তিনি বলেন, সুন্দরবনের উন্নয়ন করতে হলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতেই হবে।
  • Link to this news (বর্তমান)