• রাতে অ্যাপ ক্যাব চালকের টাকা ট্রান্সফার, ধৃত যাত্রী
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ভাড়া দেওয়ার নাম করে অ্যাপ ক্যাব চালকের মোবাইল নিয়ে সেখান থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার করে নেওয়ার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। শুক্রবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় রুবি মোড়ের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ধ্রুব গুপ্তা নামে অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করেছে থানা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রী শুক্রবার রাত দুটো নাগাদ অ্যাপ ক্যাব বুক করে। টেগোর পার্ক এলাকা থেকে ওই যাত্রী তার বান্ধবীকে নিয়ে গাড়িতে ওঠে। বান্ধবী কসবা এলাকায় একটি মলের সামনে নেমে যান। অভিযুক্ত যাত্রী চালককে বলে, রুবিতে নামিয়ে দিতে। ভাড়া চাইলে ওই যাত্রী অনলাইনে ভাড়া মেটাতে যায়। সে চালককে জানায় টাকা মিটিয়ে দিয়েছে। কিন্তু অ্যাপ ক্যাব চালক জানান, তিনি টাকা পাননি। এরপর তাঁর কাছে মোবাইলটি নেয়। টাকা পাঠানোর জন্য তাঁর অনলাইন পেমেন্ট সিস্টেমের পাসওয়ার্ড জেনে নেয়। এরপর চালকের মোবাইল থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার নেয় বলে অভিযোগ। চালক মেসেজ পেলে জানতে পারেন টাকা চলে গিয়েছে। ওই যাত্রীকে গাড়ি থেকে নামতে না দিয়ে রুবি মোড়ের সামনে কর্তব্যরত এক পুলিশকর্মীর কাছে যান। ওই পুলিশকর্মী থানায় খবর দেন। কসবা থানার পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। চালকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় যাত্রীকে। শনিবার তাকে আদালতে তোলা হয়। অভিযুক্তের আইনজীবী সৌরভ দাস বলেন, তার মক্কেল টাকা ট্রান্সফার করেনি। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, টাকা ট্রান্সফারের নথি রয়েছে। সওয়াল শেষে অভিযুক্তকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।
  • Link to this news (বর্তমান)