• নির্বাচনের মুখে রাতেই জমি দখলের অভিযোগ পর্ণশ্রীতে, ৫ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে রাতের অন্ধকারে জোর করে জমি দখলের অভিযোগ কলকাতার পর্ণশ্রী থানা এলাকায়! অভিযোগের তির স্থানীয় ব্যবসায়ী গণেশ পালের দিকে। জমির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে গণেশ পালের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, হুমকি, তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পর্ণশ্রী থানার পুলিশ। তবে ঘটনার পর পাঁচদিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    পর্ণশ্রী থানায় দায়ের করা লিখিত অভিযোগে বালিগঞ্জের বাসিন্দা জমির মালিক গৌরব নারসারিয়া জানিয়েছেন, ২০১০ সালে আবাসন নির্মাণের জন্য পর্ণশ্রী থানা এলাকার এন জি সাহা রোডে তিনি আট কাঠা জমি কিনেছিলেন।  হঠাৎ করে ভোটের মুখে গত ২০ এপ্রিল রাত সাড়ে ১১টা নাগাদ মূল অভিযুক্ত গণেশ পাল ২০-৩০ জনের দলবল নিয়ে জোর করে ওই জমিতে ঢোকেন। আমার অফিসে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ল্যাপটপ সহ জমির নথিপত্র হাতিয়ে নেন। আমার কর্মচারীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের হুমকি দিয়ে বলা হয়, জমির মালিক ১ কোটি টাকা তোলা না দিলে তাঁকে খুন করা হবে। এরপর দলবল নিয়ে অভিযুক্ত গণেশ পাল জোর করে আমার আট কাঠা থেকে প্রায় তিন কাঠা জমি দখল করে নিয়েছেন। 

    প্রতিক্রিয়া জানতে মূল অভিযুক্ত গণেশ পালকে ফোন করা হলে, তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, উলটে তিনিই ওই নির্মাণ সংস্থার কাছে টাকা এবং  ফ্ল্যাট পাবেন। আমার সঙ্গে সংস্থার চুক্তি থাকা সত্ত্বেও আমাকে তা দেওয়া হয়নি।

    এদিকে, ঘটনার পর ভীত-সন্ত্রস্ত জামির মালিক তথা শহরের নির্মাণ ব্যবসায়ী গৌরব নারসারিয়া পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানার পাশাপাশি তিনি অভিযোগ জানান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র এবং ডিসি (সাউথ ওয়েস্ট) রাহুল দে’ সহ নির্বাচন কমিশনে। অভিযোগ গুরুতর হওয়ায়, প্রাথমিক তদন্ত শেষে পর্ণশ্রী থানার পুলিশ মূল অভিযুক্ত গণেশ পালের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে। যদিও মূল অভিযুক্ত বহাল তবিয়তেই রয়েছেন। 
  • Link to this news (বর্তমান)