• আদর্শ জলাঞ্জলি দিয়েছে আইএসএফ নৌশাদকে তীব্র আক্রমণ অভিষেকের
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • সৌম্যজিৎ সাহা, ভাঙড়: এক সপ্তাহের ব্যবধান। গত শনিবার ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে নাম না করে বিজেপি এবং আইএসএফকে তীব্র আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শনিবার নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে সরাসরি কামান লাগলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙড় এবং ক্যানিং পূর্বের প্রার্থী যথাক্রমে শওকত মোল্লা ও বাহারুল ইসলামের সমর্থনে ভাঙড়ের কাটাডাঙায় সভা করতে এসে আইএসএফের নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেক বলেন, আদর্শ জলাঞ্জলি দিয়ে নৌশাদ এমন একজনকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছেন, যাঁর বিরুদ্ধে তাঁরই দলের কর্মীদের খুন করার অভিযোগ রয়েছে। এটাই আসল চেহারা আইএসএফের।

    ভিড়ে ঠাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া আইএসএফ তথা নৌশাদকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কখনও বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছেন, আবার এসআইআরে বিপুল সংখ্যালঘু ভোট বাদ গেলেও তা নিয়ে নীরব থাকার অভিযোগ তুলেছেন। উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার সওয়াল করেছেন। অভিষেকের প্রশ্ন, তখন নৌশাদ কোথায় ছিলেন?

    অভিষেক বলেন, সিপিএমের সঙ্গে আইএসএফের জোট হয়েছে। কিন্তু নন্দীগ্রামে দেখা গেল, সেখানে সিপিআই প্রার্থী দেওয়ার পরও আইএসএফ প্রার্থী দিয়েছে। এটা আর কিছু নয়, সংখ্যালঘু ভোট কেটে বিজেপির হাত শক্ত করা। পদ্ম পার্টির সঙ্গে টাকার ডিল হয়েছে বলেও এদিন বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ। সেই বাহিনী আবার নৌশাদ ও হুমায়ুনের মতো নেতার নিরাপত্তা দিচ্ছে। সংখ্যালঘুদের উপর এত অত্যাচার করছে কেন্দ্র, তাতে যদি একটুও লজ্জা থাকে তাহলে নৌশাদ সেই নিরাপত্তা ছেড়ে দিক।

    ২০২১ সালে এই আসন জিতে বিধানসভায় খাতা খুলেছিল আইএসএফ। নৌশাদকে জেতানো যে ভাঙড়বাসীর ভুল ছিল সেকথা উল্লেখ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেই ভুলের পুনরাবৃত্তি যাতে এবার না হয় সেটাও স্মরণ করালেন ভোটারদের। অভিষেকের স্পষ্ট কথা, উন্নয়নের ধারা বজায় রাখতে শওকত মোল্লাকে জেতানো দরকার। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৮৭ হাজারের মার্জিন পেয়েছিল তৃণমূল। এবার যাতে সেই ব্যাবধান ছাপিয়ে যেতে পারে সেই আবেদনও করেছেন তিনি। ফলের নিরিখে ভাঙড় জেলার মধ্যে এক নম্বর করার ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ। আর উন্নয়নের নিরিখে এক নম্বর করার দায়িত্ব তিনি নিজের কাঁধে নেবেন বলে আশ্বাস দিয়েছে। বক্তব্য শেষে সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলের মানুষের উদ্দেশে অভিষেক দিয়ে গেলেন বড়ো প্রতিশ্রুতি। শওকত জিতে এলে আগামী তিনবছরের মধ্যে যত মানুষের বাড়ি প্রয়োজন হবে তার ব্যবস্থা সাধ্যমতো করা হবে বলে তিনি দাবি করেন। 

    এদিন, অভিষেকের সভার কয়েক ঘণ্টা আগে মাঝেরআইটে ৭৯টি বোমা উদ্ধার হয় একটি পরিত্যক্ত বাড়ি থেকে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)