• ভোটের চারদিন আগে ফের কালীঘাট থানার ওসি বদলি!
    বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মাত্র চারদিন আগে ফের কালীঘাট থানার ওসি বদলি! এবার নিজের বসানো ওসিকেই বদলি করল নির্বাচন কমিশন।  কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন গৌতম দাস। এর আগে কমিশন কালীঘাটের ওসি সত্যজিৎ কর্মকারকে সরিয়ে ওসি করেছিল উৎপল ঘোষকে। এবার সেই উৎপল ঘোষকে সরিয়ে দেওয়া হল। 

    কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, কর্মজীবনে থানায় কাজের তেমন অভিজ্ঞতা নেই উৎপল ঘোষের। ফলে শনিবার কমিশন তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করল। এছাড়াও কালীঘাট থানার বর্তমান অ্যাডিশনাল ওসি নিরুপম দত্তকে সরিয়ে দিয়েছে কমিশন। পাশাপাশি আলিপুর থানার বর্তমান ওসি তপন নাথকে সরিয়ে নতুন ওসি করা হয়েছে সুব্রত পাণ্ডেকে। অলিপুরের অ্যাডিশনাল ওসি চামেলি মুকোপাধ্যায়কে উল্টোডাঙা মহিলা থানার ওসি করা হয়েছে।    

    ভোট উপলক্ষ্যে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ভোটের আগের দিন, ভোটের দিন এবং গণনার দিন বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় বিধিনিষেধ জারি করেছেন। লালবাজার সূত্রের খবর, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, জাজেস কোর্ট রোড, হরিশ মুখার্জি রোড, ডায়মন্ডহারবার রোড এবং ময়ূরভঞ্জ রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  

    এদিকে, লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা পটারি রোড থেকে শুক্রবার রাতে সুজয় মজুমদার ওরফে বাবুকে গ্রেপ্তার করেছেন। হেস্টিংস থানার দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)