ভোটের কাজে পুলকার! সোমবার থেকে এক সপ্তাহ স্কুলে স্কুলে অনলাইন ক্লাস
বর্তমান | ২৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলকার বন্ধ! রাস্তায় সরকারি-বেসরকারি বাসের আকাল। দ্বিতীয় দফার ভোটের জন্য স্কুলে যাওয়া বন্ধ কচিকাঁচাদের। তাই আগামী সোমবার থেকে স্কুলগুলিতে চালু হচ্ছে অনলাইন ক্লাস। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে সমস্ত স্কুলবাস এবং পুলকার ভোটের কাজে চলে যাবে। ফলে সমস্যা আরও বাড়বে। সেকথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সমস্যা এড়াতে সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুল অনলাইনে ক্লাস চালু করছে। পুলকার সংগঠনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে সাউথ পয়েন্ট, ডিপিএস, বালিগঞ্জ শিক্ষা সদন, শ্রী শ্রী অ্যাকাডেমি, ক্যালকাটা বয়েজের মতো বেশিরভাগ স্কুল সোমবার থেকে অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়েছে। ভোটের ফলাফলের দিন, অর্থাৎ ৪ তারিখ পর্যন্ত বাড়ি থেকে ক্লাস করবে পড়ুয়ারা। সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল জয়দেব ঘোষ জানিয়েছেন, ‘আমাদের একাধিক স্কুল বাস হায়ার করা। ভোটের জন্য সেগুলি চলাচল না করায় আমরা আগামী সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করাব।’
ভোটের কাজের জন্য পুলকার ব্যবহার করার কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সাউথ পয়েন্ট স্কুলের নিজস্ব পুলকার ভোটের কাজে ব্যবহার করতে চেয়ে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল কমিশন। প্রাথমিক বিভাগের আটটি পুলকার ভোটের কাজে চাওয়া হয়েছিল। কমিশনের সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে হাইকোর্টের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্টের সিদ্ধান্তের পর আপাতত সাউথ পয়েন্টের নিজস্ব দু’টি পুলকার ভোটের কাজে চলে যাবে বলে জানা গিয়েছে।
এদিকে, বেসরকারি বাসমালিকরাও জানাচ্ছেন, সোমবার থেকে প্রায় ৮০ শতাংশ বাস ভোটের কাজের জন্য নিয়ে নেওয়া হবে। ফলে রাস্তায় বেরিয়ে অফিস যেতে চরম সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। বাসমালিকরা জানাচ্ছেন, দুর্ভোগ চলবে ভোটের ফলাফলের পরদিন অর্থাৎ ৫ মে পর্যন্ত। ৬-৭ তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।