তারকেশ্বরের রাজনৈতিক ময়দান শনিবার উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে, যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে রোড শো করতে হাজির হন জনপ্রিয় সাংসদ ও অভিনেতা দেব। দুপুরে কলাইকুন্ডু এলাকায়, যেখানে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রাঙ্গনেই অবতরণ করে দেবের হেলিকপ্টার।
দেবকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রার্থী রামেন্দু সিংহ রায়। হেলিকপ্টার থেকে নামার পর তাঁরা একসঙ্গে গাড়িতে করে পৌঁছান জয়কৃষ্ণ বাজার মোড়ে, যেখানে ইতিমধ্যেই জমতে শুরু করেছিল বিপুল জনসমাগম। রাস্তাজুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকেরা।
জয়কৃষ্ণ বাজার মোড় থেকেই শুরু হয় বর্ণাঢ্য রোড শো। রথে চড়ে জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান দেব, যা মুহূর্তের মধ্যেই নজর কাড়ে উপস্থিত জনতার। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় উপচে পড়ে, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
বর্তমান প্রজন্মের ‘হার্টথ্রব’ হিসেবে পরিচিত দেবের নিজস্ব বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে, যার প্রতিফলন এদিন স্পষ্ট দেখা যায় তারকেশ্বরের রাজপথে। রোড শো চলাকালীন কার্যত জনস্রোত নেমে আসে, যা রাজনৈতিক প্রচারের পাশাপাশি একপ্রকার জনউৎসবে পরিণত হয়।
পুরো রোড শো টি চাউলপট্টি মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। শেষ মুহূর্ত পর্যন্ত উচ্ছ্বাস বজায় রাখেন সমর্থকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রোড শো তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক মহল।