'ভবানীপুরে তৃণমূল হেরে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে!' মমতা সভা বাতিল করে ফিরতেই কটাক্ষ শুভেন্দুর
News18 বাংলা | ২৬ এপ্রিল ২০২৬
ভবানীপুরে তৃণমূল যে হেরে গিয়েছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছে৷ এ দিন ভবানীপুরে সভা করতে গিয়ে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷
প্রসঙ্গত এ দিন সন্ধ্যাতেই দুই দলের সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকা৷ বিজেপি-র সভার মাইকের আওয়াজে বিরক্ত হয়ে সভা করতে মঞ্চে উঠেও ফিরে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা ফিরে যেতেই বিজেপি-র সভাস্থলে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা৷ মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকরা৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷
মমতা বন্দ্যোপাধ্যায় সভা বাতিল করে ফিরে যাওয়ার কিছুক্ষণ পর বিজেপি-র সভায় উপস্থিত হন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, আজ বিকেল থেকে আমি দেখছি তৃণমূল ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়েছে, তাঁর শরীরী ভাষা বলছে। ৭৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ ছিল। ভবানীপুর থানার অংশে আমাদের অনুমতি দিয়েছিল, কালীঘাট থানার অংশে দেয়নি। কালীঘাট থানার ওসিকে সরিয়ে দিল কমিশন৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর হুঁশিয়ারি, ২৭ তারিখ সন্ধের পর থেকে তৃণমূলের একটা গুন্ডাকেও বাইরে থাকতে দেবো না৷ মোদিজি আমাকে এখানে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে৷ কসবা আইন কলেজ, আরজিকর নির্যাতিতার পরিবার সবাই অপেক্ষা করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখন হারবেন৷ পরিযায়ী শ্রমিক, বেকাররাও আপনার হারার অপেক্ষায় রয়েছে৷
এ দিন সন্ধ্যায় চক্রবেড়িয়ার সভা বাতিল করে ফিরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন৷ সভা করার জন্য আমি সবরকম অনুমতি নিয়েছি৷ তার পরেও এদের আচরণ দেখুন৷ জোর করে বাংলা দখলের জন্য এরা যা করছে তা ঠিক নয়৷ এক মাস তো আমি বাংলার বাকি আসনগুলিতে আমি প্রচার করেছি৷ তার পরেও এরা এরকম আচরণ করলে আমাকে আইনি পদক্ষেপ করতে হবে৷ সামনে চিৎকার করছে যাতে আমি এই সভা করতে না পারি৷ এটাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা৷ সামনে চিৎকার করছে যাতে আমি সভাটা না করতে পারি৷ আমাকে ক্ষমা করবেন, আমি এই সভা করতে পারব না৷ এটা খুব অপমানজনক৷ এই অসভ্যতামি আমি করতে পারব না৷ আগামিকাল এখানে আমি মিছিল করে দেবো৷ যদি পারেন ভোটটা আমাকে দেবেন৷ কিন্ত এই অপমানের জবাবে আপনাদের ভোটটা দিতে হবে৷