• বিজেপি করার অপরাধে সামাজিক বয়কট, অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এ বার সামাজিক ভাবে বয়কটের অভিযোগ উঠল মালদার গাজোলে। একই সঙ্গে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এখন তাঁদের গ্রামে জল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই নিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

    জানা গিয়েছে, যাঁদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করা হয়েছে তাঁরা সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের। মুসলিম ধর্মাবলম্বী হলেও তাঁরা বিজেপি কর্মী। এই কারণেই তাঁদের সামাজিক ভাবে বয়কট করার কথা বলে হয়েছে বলে অভিযোগ।

    সূত্রের খবর, শুক্রবার নামাজের পরে মসজিদ থেকে বাইরে আসার পরেই তাঁদের ঘিরে ধরে এই হুমকি দেওয়া হয়। তাঁদের গ্রামছাড়া করার ও জল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে এক দল গ্রামবাসীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে গাজোলের দেওতলা অঞ্চলের ২১ মাইল কাটনা এলাকার চৌকিপুকুর গ্রাম।

    চৌকিপুকুর গ্রামের বাসিন্দা আজাহার হোসেন, হালিম আনসারি, শামসুল হক এবং মাসিদুর রহমানের দাবি, তাঁরা এলাকায় সক্রিয় ভাবে BJP-র নেতৃত্ব দেন। এই কারণেই তাঁদের ঘিরে ধরে এই হুমকি দেওয়া হয়েছে।

    তাঁদের দাবি, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আসতেই এক দল ব্যক্তি তাদের ঘিরে ধরে। আগামী দিন থেকে ওই মসজিদে তাঁরা আর নামাজ পড়তে পারবেন না বলেও জানিয়ে দেন (Socially boycott) । এই সঙ্গে বিজেপি করার অপরাধে তাদের পরিবারকে সম্পূর্ণ সামাজিক ভাবে বয়কট করা হচ্ছে বলেও জানানো হয়। আজাহার, হালিমদের দাবি গ্রামের কোনও নলকূপ থেকে তাঁরা পানীয় জল নিতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মদতেই এই হুমকি দেওয়া হয়েছে।

    আজাহার বলেন, ‘ভারত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ। যে কোনও ধর্মের মানুষ যে কোনও রাজনৈতিক দল করতেই পারেন। কিন্তু আমরা বিজেপি করতে পারব না বলে জানানো হয়েছে। তাদের দেওয়া হুমকি উপেক্ষা করলে আমাদের আরও শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।’

    যদিও এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্তরা। রাজনৈতিক কারণেই তাঁদের নাম জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

    অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)