• ভোটের পরে দোকান খুলতেই বাজিমাত! একদিনে ৫০ কোটির মদ বিক্রি পূর্ব মেদিনীপুরে
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • এই সময়: একদিনে একটি জেলায় মদ বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার! জেলার নাম পূর্ব মেদিনীপুর। শুক্রবার সেখানে এই পরিমাণ টাকার মদ বিক্রি হয়েছে বলে জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে। ভোটের জন্য রাজ্যের সর্বত্র চার দিন বন্ধ থাকার পরে শুক্রবার সকালে মদের দোকানগুলো খুলেছিল দেড় দিনের জন্য। আর শুক্রবারই এই রেকর্ড পূর্ব মেদিনীপুর জেলার।

    রাজ্যের মধ্যে মদ বিক্রিতে পূর্ব মেদিনীপুর বরাবরই এগিয়ে থাকে। এর অন্যতম কারণ, দিঘা–মন্দারমণি–তাজপুরের মতো সমুদ্র তীরবর্তী জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর অবস্থান এই জেলাতেই।

    আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, একদিনে এত বেশি টাকার মদ পূর্ব মেদিনীপুর জেলায় আগে কখনও বিক্রি হয়নি। এর মধ্যে বিলিতি মদের পরিমাণ ছিল প্রায় ১ লক্ষ ২৯ হাজার লিটার, দেশি মদ প্রায় ২ লক্ষ ৪৬ হাজার লিটার এবং বিয়ার প্রায় ১ লক্ষ ১২ হাজার লিটার। সব মিলিয়ে, মদ বিক্রি হয়েছ মোট ৪৯ কোটি ৯০ লক্ষ ৫২ হাজার টাকার। শনিবার, ২৫ এপ্রিল সন্ধে ৬টা থেকে রাজ্য জুড়ে মদের সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। দ্বিতীয় ও শেষ দফার ভোট আগামী বুধবার, ২৯ এপ্রিল। এই পর্যায়ে মদের দোকান ও পানশালা ফের খোলার কথা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল সকালে।

    টানা চার দিন বন্ধ থাকার পরে শুক্রবার মদের দোকান খুলতেই ঝাড়গ্রামে প্রায় ২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। আবগারি দপ্তর সূত্রের খবর, ঝাড়গ্রামে এ–ই প্রথম একদিনে ২ কোটি টাকার মদ বিক্রি হলো। বিয়ারের চাহিদা ছিল সব চেয়ে বেশি। শুক্রবার ঝাড়গ্রামে ৩ হাজার ২৫৬ লিটার দেশি মদ, ১৩ হাজার ৪২১ লিটার বিলিতি মদ এবং ৩০ হাজার ৩৬৪ লিটার বিয়ার বিক্রি হয়েছে। ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের ডেপুটি সুপার গুরুপদ সরকার বলেন, 'জেলায় দিনে গড়ে ৫০ থেকে ৫৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়। সেখানে শুক্রবার একদিনেই প্রায় ২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ভোটের জন্য মদের দোকান চার দিন বন্ধ থাকার পরে দোকান খুলতেই একদিন এই বিপুল টাকার মদ বিক্রি হয়েছে।'

  • Link to this news (এই সময়)