• থেমে গেল ছবি তোলা, প্রয়াত চিত্রগ্রাহক রঘু রাই
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • ছবি কথা বলত। নিজে সিভিল ইঞ্জিনিয়ার হলেও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ছবি তোলাকে। তাঁর তোলা ছবি পেয়েছে বিশ্বজোড়া খ্যাতি। ৮৩ বছর বয়সে থেমে গেল তাঁর পথ চলা। আর কোনও দিন ক্যামেরা হাতে দৌড়বেন না তিনি।

    তিনি রঘু রাই (Raghu Rai)। চিত্রগ্রাহক হিসেবে এক ডাকে তাঁকে চিনতেন সকলেই। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৩ বছর।

    অর্ধ শতাব্দী ধরে ছবি তোলার জন্য দেশ এবং দেশের বাইরে নানা জায়গায় গিয়েছেন তিনি। তাঁর ক্যামেরায় নানা রূপে ধরা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী (Indira Gandhi), দলাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)। ছবির জন্য দেশ বিদেশের নানা পুরষ্কার এবং সম্মান পেয়েছেন তিনি। বাংলাদেশ যুদ্ধের উপর কাজের জন্য ১৯৭২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন রঘু রাই।

    ১৯৪২ সালে, অধুনা পাকিস্তানের ঝাং এলাকায় জন্ম তাঁর। ২৩ বছর বয়সে দাদা শরমপাল চৌধুরী (এস পল নামে বেশি পরিচিত)-র কাছে ফটোগ্রাফি শিখতে শুরু করেন। ১৯৬৫ সালে যোগ দিয়েছিলেন দ্য স্টেটসম্যান সংবাদপত্রে। পরে সানডে এবং ইন্ডিয়া টুডে ম্যাগাজিনেও কাজ করেন তিনি। তাঁর ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন মুহূর্ত। সেই ছবি যেন কথা বলে উঠেছে। বলা যায়, তাঁর ক্যামেরা এবং চোখ দিয়েই আধুনিক ভারতের সঙ্গে পরিচিত হয়েছে বিশ্ব।

    শনিবার রাতেই তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়েছে পরিবারের তরফে। রঘু রাইয়ের মৃত্যুর কথা জানার পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গুণমুদ্ধরা।

    রবিবার, দিল্লির লোধি রোডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

  • Link to this news (এই সময়)