• ভোটের আগে এলাকায় ফিরতেই জনরোষের মুখে তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে
    এই সময় | ২৬ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে এলাকায় ফিরতেই জনরোষের মুখে পড়লেন পলাতক তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার রাতে ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া এলাকায় তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ ওঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।

    জানা গিয়েছে, ভোট ঘোষণা হওয়ার পর ভাঙড়ের বামুনিয়া এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় নাম জড়ায় অহিদুল ইসলামের। ওই ঘটনায় এক জনের মৃত্যু হয়। বোমা তৈরির সময় আরও কয়েক জন জখম হন। প্রথমে বিজয়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার দায়িত্ব নেয় এনআইএ (NIA)। তখন থেকেই পলাতক ছিলেন অহিদুল ইসলাম।

    এই ঘটনায় ইতিমধ্যেই এক অ্যাম্বুলেন্স চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত হিসেবে নাম থাকা সত্ত্বেও এত দিন অধরা ছিলেন অহিদুল ইসলাম।

    অভিযোগ, শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর বাড়ি ফেরন অহিদুল। বাড়ি ফেরার সময়ে চালতাবেড়িয়া এলাকায় একটি গাড়িতে করে যাওয়ার পথে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন।

    পরে বিজয়গঞ্জ থানার পুলিশ তাঁকে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

    ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া মেলেনি।

  • Link to this news (এই সময়)